• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

অন্তর্বর্তী সরকার পরিবার পরিকল্পনা খাত ধ্বংস করে গেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৫:৪৩
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৫:৪৩

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকার ‘সেক্টর প্রোগ্রাম’ বন্ধ করে দেওয়ায় সারা দেশে পরিবার পরিকল্পনা পরিষেবা ও টিকাদান কর্মসূচি ধ্বংস হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীতে ‘পরিবার পরিকল্পনা সেবার সংকট: দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার নারীর জীবনে বহুমাত্রিক প্রভাব, সমস্যা উত্তরণে নীতিগত করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. এম এ মুহিত বলেন, ‘বিগত অন্তর্বর্তী সরকারের ভুল নীতিগত সিদ্ধান্তে দেশের দীর্ঘ চার-পাঁচ দশকের সফল পরিবার পরিকল্পনা এবং টিকাদান কর্মসূচি ধ্বংস হয়ে গিয়েছিল।’

তিনি দাবি করেন, বিএনপি সরকার গঠনের পর পরিবার পরিকল্পনা খাতকে ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দিয়েছে। আগামী ১৩ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী এই নিবিড় প্রচারণার উদ্বোধন করবেন।

পরিবার পরিকল্পনা খাতে সেক্টর প্রোগ্রামের আওতায় মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সরবরাহসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। ১৯৯৮ সাল থেকে ধারাবাহিকভাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে সেক্টর কর্মসূচি চালু ছিল, যার চতুর্থ ধাপ ২০২৪ সালের জুনে শেষ হয়।

অন্তর্বর্তী সরকারের আমলে পঞ্চম সেক্টর কর্মসূচি চালু না করে সেক্টর প্রোগ্রাম কাঠামো থেকে সরে আসে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিকল্প ব্যবস্থাপনায় ওই কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ পরিবর্তনের কারণে জনবল কাঠামো, পরিবার পরিকল্পনা সামগ্রী সরবরাহ নানা সমালোচনা শুরু হয়।

সে সমালোচনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বিকল্প কোনো দিকনির্দেশনা ছাড়াই অন্তর্বর্তী সরকার সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দেওয়ায় মাঠপর্যায়ের কর্মীদের বেতন এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। মাঝেমধ্যে ভুল নীতি দুর্নীতির চেয়েও ভয়াবহ পরিণতি ডেকে আনে।’

তিনি জানান, সরকার গঠন করার পরে স্বাস্থ্য মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে দরপত্র আহ্বান করেছে। ইতোমধ্যে সাতটি বিভাগের ডিপোতে পরিবার পরিকল্পনা সামগ্রী পৌঁছে গেছে।

আধুনিক যুগে পরিবার পরিকল্পনা কর্মসূচিকে আরও বিস্তৃত করে ‘প্রজনন স্বাস্থ্য কর্মসূচি’ হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন প্রতিমন্ত্রী।

স্বাস্থ্যখাতের জনবল ও প্রযুক্তির ব্যবহার নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা চলছে। মাঠ পর্যায়ে স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন প্রকল্পে নিয়োজিত অস্থায়ী কর্মীরা চাকরি স্থায়ী করার দাবি জানাচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে এম এ মুহিত বলেন, ‘সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। এ ছাড়া বর্তমানে মাঠপর্যায়ে কর্মরত প্রায় ৪০ হাজার কর্মীকে নিয়ে একটি সমন্বিত কর্মীবাহিনী গড়ে তোলা হবে। একবিংশ শতাব্দীর উপযোগী করতে তাদের হাতে ট্যাব ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তথ্য দেওয়া হবে, যাতে তারা আরও সুনির্দিষ্টভাবে সেবা ও নজরদারি চালাতে পারেন।’

বৈঠকে গবেষণার মূল বিষয়বস্তু ও ফলাফল উপস্থাপন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইনুন নাহার।

আলোচক হিসেবে অংশ নেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. জিনাত আরা, মেরী স্টোপস বাংলাদেশের চেয়ারপারসন ডা. ইয়াসমিন আহমেদ, আইপাস-এর কান্ট্রি ডিরেক্টর ডা. রুবাইয়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম, যৌন ও প্রজননস্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার, ইউএনএফপিএ-এর যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিশেষজ্ঞ এবং পার্টনারশিপ অ্যান্ড ফান্ড রেইজিং প্রধান মঞ্জুন নাহার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম