শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ার সিডনির চুল্লোরাতে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে এই মতবিনিময় ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভাটি অত্যন্ত আন্তরিক, হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
সভায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বিরোধীদলীয় নেতা বলেন, আপনারা বিভিন্ন মুসলিম কমিউনিটিকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে অবদান রাখছেন। এ জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি, আপনাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিম কমিউনিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি মুসলিম কমিউনিটির ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।












