• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১০:১৬
আপডেট: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ ১০:১৬

আওয়ামী লীগ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে - বাণিজ্যমন্ত্রী
 

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আর কিছু অবশিষ্ট নেই। তারা রাজনীতির পথ ছেড়ে এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মসূচির কোনো প্রতিফলন নেই। তাদের একমাত্র চর্চা হচ্ছে সন্ত্রাস। দেশের মানুষ তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। এরপরও তারা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।

শুক্রবার (২০ নভেম্বর) দেশব্যাপী আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাদ জুমা সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরের কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৭-১৮ বছর ধরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। নিজেদের পছন্দের লোকজনকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের সুযোগ করে দিয়েছে। দেশের সম্পদ শেষ করে দিয়েছে। দীর্ঘদিনের অপশাসন ও অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে তাদের দেশ থেকে বিতাড়িত করেছে। এত বছর ধরে তারা বিপুল অর্থ ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। এখন বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৭-১৮ বছর বিরোধী দলে থেকে পুলিশের অত্যাচার, গুম, খুন ও অসংখ্য মামলার মুখেও রাজপথ ছাড়েনি। হাজার হাজার নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। কিন্তু বিএনপি রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের পথ থেকে সরে যায়নি। অথচ আওয়ামী লীগের কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি নেই। তাদের কর্মকাণ্ডে রাজনীতির কোনো চিহ্ন নেই, আছে শুধু সন্ত্রাস।

সমাবেশে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিএনপি নেতাকর্মীদের পাড়া-মহল্লা, গ্রাম, ইউনিয়ন ও প্রতিটি এলাকায় অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। সন্ত্রাসীরা রাতের অন্ধকারে অগ্নিসংযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তাদের এ ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

মিছিল ও সমাবেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম