• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আমাদের মন্ত্রী বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন: পররাষ্ট্রসচিব

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ১১:১৪
আপডেট: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ১১:১৪

 

রাজধানীর শাহীনবাগে গতকাল বুধবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ঘিরে ধরার ঘটনাকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক নষ্ট হওয়ার কোনো কারণ নেই বলেও তার মত।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ‘বাংলাদেশ-থাইল্যান্ডের ৫০ বছর সম্পর্ক: সম্ভাবনা এবং আগামীর পথচলা’ শীর্ষক সেমিনারে অংশ নেন।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গতকাল বুধবার রাজধানীর শাহীনবাগে বিএনপির নিখোঁজ নেতা সাজেদুল ইসলামের বাসায় যান। সেখান থেকে বেরিয়ে আসার সময় বাসার বাইরে একদল লোক তাকে ঘিরে ধরার চেষ্টা করেন। তিনি নিরাপত্তাকর্মীদের সহায়তায় সেখান থেকে বেরিয়ে যান।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র গত বছর আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনী র‌্যাব এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাতজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। এরপর শাহীনবাগে গতকালের ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব ফেলবে কি না, জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, ‘দুই দেশের সম্পর্ক তো অনেক দিনের পুরোনো। বেশির ভাগ দেশের সঙ্গে আমাদের সম্পর্কের বয়স প্রায় ৫০ বছরের কোঠায়। সুতরাং একটা ঘটনা বা এ ধরনের একটা আচরণে সেই সম্পর্ক নষ্ট করে ফেলবে বিষয়টা এমন নয়। ওই রকম কোনো সম্ভাবনা আমরা দেখি না। আমাদের মন্ত্রী যেটা বলেছেন, সঠিক বলেছেন। এটাকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখার সুযোগ নেই। ঘটনার আকস্মিকতার কারণে উনাদের (যুক্তরাষ্ট্র) প্রতিক্রিয়া হয়েছে। আমাদের মন্ত্রী বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। দেখা যাক, একটা ইস্যুতে দুটি দেশের সম্পর্ক নষ্ট হয়ে যায় না, সেটা নিষেধাজ্ঞা বা যা–ই হোক। তাদের (যুক্তরাষ্ট্র) সঙ্গে অবশ্যই আমাদের আরও অনেক যোগাযোগ হবে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম