• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক তথ্য দিলেন আইনজীবী

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৩:৪৯
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৩:৪৯

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক তথ্য দিলেন আইনজীবী
 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের রক্তচাপ বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। তবে শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি মানসিকভাবে সম্পূর্ণ সচেতন ও দৃঢ়প্রতিজ্ঞ রয়েছেন। বুধবার (১১ নভেম্বর)

তার সঙ্গে কারাগারে সাক্ষাৎ শেষে এমন তথ্য জানিয়েছেন আইনজীবী সরদার লতিফ খোসা। খবর সামা টিভির

ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে সাক্ষাৎ করেন আইনজীবী সালমান সাফদার ও সরদার লতিফ খোসা।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লতিফ খোসা। তিনি জানান, তাদের সঙ্গে ইমরান খান ও বুশরা বিবির বৈঠক প্রায় তিন থেকে চার ঘণ্টা স্থায়ী হয়। এ সময় ইমরান খানের শারীরিক অবস্থা এবং তার বিরুদ্ধে চলমান বিভিন্ন আইনি মামলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

লতিফ খোসা বলেন, ইমরান খানের রক্তচাপ উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। তার চোখের সমস্যাও রয়েছে। বিশেষ করে রক্তচাপের বর্তমান অবস্থা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তবে শারীরিক সমস্যার মধ্যেও ইমরান খান মানসিকভাবে সম্পূর্ণ সচেতন এবং নিজের অবস্থানে অটল রয়েছেন।

তিনি আরও জানান, সাক্ষাতের বিষয়ে বৃহস্পতিবার লিখিত প্রতিবেদন প্রকাশ করবেন। সেখানে আলোচনার আরও বিস্তারিত তথ্য জানা যাবে।

এদিকে, বৈঠকে পাকিস্তানের ২৮তম সংবিধান সংশোধনী নিয়েও আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন লতিফ খোসা। তবে এ বিষয়ে ইমরান খানের সঙ্গে কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।

এর আগে কারাগার সূত্র জানায়, আদিয়ালা কারাগারের সম্মেলনকক্ষে আইনজীবীদের সঙ্গে ইমরান খান ও বুশরা বিবির বৈঠক তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে। এ সময় তাদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচারাধীন আপিল নিয়েও আলোচনা ও পরামর্শ করা হয়।

ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশেই এই সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছিল। কারাগারে প্রবেশের আগে আইনজীবী সালমান সাফদার ও সরদার লতিফ খোসাকে দীর্ঘ সময় আদিয়ালা কারাগারের ভেতরে অপেক্ষা করতে হয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, সাক্ষাতের আগে তারা প্রায় দুই ঘণ্টা কারাগারে অবস্থান করেছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম