কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি উপেক্ষা করে বাণিজ্যিক স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ তুলেছেন প্রযুক্তি জগতের প্রভাবশালী বিজ্ঞানী জিওফ্রে হিন্টন। এআইয়ের জনক হিসেবে পরিচিত এই নোবেলজয়ী বিজ্ঞানীর দাবি, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান, টেসলা ও এক্সএআইয়ের প্রধান ইলন মাস্ক এবং মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এআইয়ের সম্ভাব্য বিপদ সম্পর্কে জানেন। কিন্তু নিরাপত্তার চেয়ে অর্থ উপার্জনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ৭৮ বছর বয়সী হিন্টন। তিনি সতর্ক করে বলেন, এআইয়ের কারণে চলতি বছরের শেষ দিকে অথবা ২০২৭ সালে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এমন ঘটনা বিদ্যুৎ সরবরাহব্যবস্থা বিপর্যস্ত করা কিংবা আর্থিক ব্যবস্থাকে অচল করে দিতে পারে। ১৯৮৬ সালে ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার সঙ্গে সম্ভাব্য এই বিপর্যয়ের তুলনা করেছেন তিনি।
হিন্টনের মতে, এআই প্রযুক্তি সমাজ ও অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনতে পারে। এর মাধ্যমে বিপুল অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হলেও ক্রমেই উন্নত হয়ে ওঠা এআই ব্যবস্থাকে মানুষ নিয়ন্ত্রণে রাখতে পারবে কি না, সেটিই বড় প্রশ্ন। এমনকি এই প্রযুক্তি উদ্ভাবন না করলেই হয়তো মানবজাতির জন্য ভালো হতো বলেও মন্তব্য করেছেন তিনি।
অল্টম্যান, মাস্ক ও জাকারবার্গের সমালোচনা করে তিনি বলেন, এই তিন প্রযুক্তি উদ্যোক্তা এআইয়ের ঝুঁকি সম্পর্কে অবগত। কিন্তু সেসব ঝুঁকি মোকাবিলায় তাঁরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। তাঁর বিশ্বাস, নিরাপত্তার চেয়ে অর্থ উপার্জনই তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
বিশেষ করে ওপেনএআইয়ের নেতৃত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন হিন্টন। যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান চীনের সঙ্গে উন্নত এআই তৈরির প্রতিযোগিতায় নেমেছে। এই প্রতিযোগিতায় বাণিজ্যিক স্বার্থ নিরাপত্তার বিষয়টিকে আড়াল করে দিতে পারে বলে আশঙ্কা তাঁর।
এআই ব্যবস্থার সাম্প্রতিক কিছু ঘটনাকে ভবিষ্যতের বড় বিপর্যয়ের আগাম সংকেত হিসেবে দেখছেন হিন্টন। যুক্তরাষ্ট্রের ১৯৭৯ সালের থ্রি মাইল আইল্যান্ড পারমাণবিক দুর্ঘটনার সঙ্গে এসব ঘটনার তুলনা করেছেন তিনি।
এ প্রসঙ্গে এআই এজেন্টগুলোর পারস্পরিক সহযোগিতায় হাগিং ফেস ওয়েবসাইটে সাইবার হামলার চেষ্টার খবরের কথা উল্লেখ করেন তিনি। তাঁর আশঙ্কা, এআই ব্যবস্থা আরও স্বয়ংক্রিয় ও সক্ষম হয়ে উঠলে এ ধরনের ঘটনা আরও গুরুতর রূপ নিতে পারে।
হিন্টন বলেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছর চেরনোবিলের মতো কোনো ঘটনা ঘটতে পারে। এমন বিপর্যয় ঘটলে হয়তো বিশ্বনেতারা এআইয়ের ঝুঁকি নিয়ে আরও গুরুত্বের সঙ্গে ভাবতে বাধ্য হবেন।
তার আশঙ্কা, এআই ব্যবহার করে বিদ্যুৎ অবকাঠামোয় সাইবার হামলা চালানো হতে পারে। এতে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিতে পারে। একইভাবে আর্থিক ব্যবস্থায় হামলা হলে দীর্ঘ সময়ের জন্য ব্যাংকিং ও অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।












