• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

এরদোগানসহ যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রীর

প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ২:৪৯
আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ২:৪৯

বিএনপি-জামায়াত-এনসিপি বিভেদ সত্ত্বেও হাসিনাকে ঠেকাতে একমত
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
পুরোনো প্রতিশ্রুতির বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় শুরু হয়েছে ‘বিশ্ব জলবায়ু সম্মেলন’ কপ-৩১।

 

বিশ্বের ১৯৮টি দেশের শতাধিক রাষ্ট্রপ্রধান, দেড় লাখের কাছাকাছি উপস্থিতিতে বৈশ্বিক তাপমাত্রা কমানোর ঘোষণা বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতিই এই সম্মেলনের মূল লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে টেকসই জলবায়ুর প্রতিশ্রুতির সঙ্গে বরাবরের মতো বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখার প্রত্যয় করা হয়েছে।

এদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ–৩১’-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তার একটি দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে।

 

তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় আগামী ১১ ও ১২ নভেম্বর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের সাইডলাইনে দুই নেতার মধ্যে বৈঠকের জোরালো সম্ভাবনা রয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

সম্মেলনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের একটি সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র সচিব আরও নিশ্চিত করেন যে, সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপপ্রধানমন্ত্রী এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও প্রধানমন্ত্রী তারেক রহমানের পৃথক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী ১২ নভেম্বর সম্মেলনের প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন এবং বিশ্বনেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

পাশাপাশি ভবিষ্যতে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে বৈশ্বিক উষ্ণতা হ্রাস, ক্ষতিপূরণ তহবিল চালুকরণের বিষয়টিও আলোচনার টেবিলে রাখা হয়েছে। বিশ্বব্যাপী জলবায়ু সংকটের যৌথ সমাধান ও পরিবেশগত টেকসই নীতি বাস্তবায়নের লক্ষ্যে সম্মেলনে কথা বলবেন রাষ্ট্র ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

উড়ছে অংশগ্রহণকারী দেশের পতাকা: আন্তালিয়া এক্সপো সিটির ব্লু জোন ও গ্রিন জোন সাজানো হয়েছে। পতপত করে উড়ছে অংশগ্রহণকারী দেশের পতাকা। বিভিন্ন দেশের নাগরিক সমাজের প্রতিনিধি, পরিবেশকর্মীরা শরীরে, পোশাকে ধরিত্রী রক্ষার আহ্বান জানিয়ে দৃষ্টি আকর্ষণ করছেন।

কূটনৈতিক ব্লু জোনে রাষ্ট্রগুলো সংলাপে বসেছে। আর গ্রিন জোনে পরিবেশবাদী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা, জলবায়ু অভিঘাত, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশের ক্ষতিপূরণ প্রদান নিয়ে ছোট ছোট আলোচনা করছে। দুটি জোনেই খাদ্য, কৃষি ও স্বাস্থ্য বিষয়ে আলোচনা ও সংলাপ চলবে।

তুরস্ক কার্যকর ও বাস্তব রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ: কপ-৩১-এর সভাপতি তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোকে জলবায়ু অর্থায়ন, বিদ্যুতায়ন এবং প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জোর দাবি জানান।

মুরাত কুরুমের কণ্ঠে আশ্বাস লক্ষ্য করা গেছে। তিনি বলেছেন, এবারের সম্মেলনকে শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে তুরস্ক কার্যকর ও বাস্তব রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

আলোচনা ও ঐকমত্যের মাধ্যমে জলবায়ু প্রতিশ্রুতিগুলোর দ্রুত বাস্তব ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জলবায়ু সংকট কোনো ভৌগোলিক সীমানা চেনে না। বিশ্বব্যাপী জলবায়ু সমস্যা নিয়ে নানা আলোচনা হচ্ছে। আমরা চাই তা বাস্তবায়ন হোক।

তিনি এ লক্ষ্যে সংলাপ, ঐকমত্য এবং রাষ্ট্রগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেন। সম্মেলনের সভাপতি হিসেবে ১০টি অগ্রাধিকারমূলক ঘোষণা দেন তিনি।

ঘোষণাগুলো হলো- জিরো ওয়েস্ট, ক্লিন এনার্জি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীল শহর নির্মাণ, ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন ব্রিজ, সবুজ শিল্পায়ন, যুবসমাজ ও শিক্ষা, মহাসাগর ও সামুদ্রিক পরিবেশ রক্ষাসহ জলবায়ু অর্থায়ন এবং অভিযোজন নীতিমালার টেকনিক্যাল কাঠামোর বাস্তবায়ন।

জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ তহবিল ছাড় ও সবুজ প্রকৃতির কাঠামো হস্তান্তরের বিষয় নিয়েও সম্মেলনে আলোচনা হয়েছে। খাদ্য ও কৃষিখাতে মিথেন গ্যাস কমিয়ে বৈশ্বিক নীতি সমন্বিত পরিকল্পনা উপস্থাপন, সবুজ জ্বালানি রূপান্তর বিষয়ে কূটনৈতিক জোনে আলোচনা হয়েছে।

গ্রিন জোনে খাদ্য অপচয়রোধ ও উদ্বৃত্ত বাড়ানো, জিরো ওয়েস্ট বাস্তবায়ন, বিমানে জৈব জ্বালানির ব্যবহারসহ নানা বিষয়ের একাধিক আলোচনা ও সংলাপ হয়েছে।

মানবাধিকারকর্মী, পরিবেশকর্মী ও বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর সম্মেলনে জিরো ওয়েস্টের প্রতিশ্রুতি ও জলবায়ু ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের প্রত্যয় ব্যক্ত করা হলেও বাস্তবতা ভিন্ন কথা বলছে।

তারা বলছেন, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির কথা বলে বিশ্বের উষ্ণতা বাড়ানোর জন্য দায়ী সামরিক শক্তি বাড়ানোর বাহাদুরি দেখাচ্ছে ক্ষমতাধর রাষ্ট্রগুলো।

আন্তালিয়া এক্সপো সিটিতে ব্লু জোনে রাষ্ট্রপুঞ্জ রুদ্ধদ্বার বৈঠকে দেন-দরবার করার সময় বা সামান্য আগেপরে পরিবেশ ও জীবনবিধ্বংসী হামলা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে। যা বৈশ্বিক উষ্ণতাকে বাড়িয়ে তোলার প্রধান নিয়ামক।

শুধু হামলাই নয়, বিভিন্ন দেশ সামরিক সক্ষমতা ও পারমাণবিক শক্তি বাড়ানোর ঘোষণাও দিয়েছে।

তাই কপ-৩১ সম্মেলনের নীতিগত নানা ঘোষণা সামনে এনে প্রশ্ন তুলেছেন বিভিন্ন রাষ্ট্র, নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মীরা।

সম্মেলনে জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশের সাফল্য এবং দক্ষিণ এশিয়াসহ সমগ্র এশিয়া অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের অভিজ্ঞতা তুলে ধরা হবে। একই সঙ্গে ভবিষ্যতে জলবায়ু দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের কী ধরনের আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন—বিশেষ করে ঋণের ফাঁদ ছাড়া সরাসরি অনুদানভিত্তিক জলবায়ু তহবিলের প্রয়োজনীয়তা জোরালোভাবে তুলে ধরা হবে।

বৈশ্বিক কার্বন নির্গমনের সিংহভাগের জন্য দায়ী দেশগুলোকে জলবায়ু আলোচনায় অবশ্যই জবাবদিহির আওতায় আসতে হবে বলেও ঢাকা জোর দাবি জানাবে।

.

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম