শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ ৩১ এ যোগ দিতে আগামীকাল ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণলায়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
পররাষ্ট্র সচিব বলেন, কপ ৩১-এ যোগ দিতে ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গীদের নিয়ে প্রথমে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সেখান থেকে অভ্যন্তরীণ ফ্লাইটে আনতালিয়ায় যাবেন।
আজ ৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে কপ ৩১। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীনে আয়োজিত কনফারেন্স অব দ্য পার্টিস বা কপ সম্মেলন বৈশ্বিক জলবায়ু কূটনীতির অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম।
এবারের সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন গ্যাসের নিঃসরণ কমানো, ভবন নির্মাণ খাতে শক্তির ব্যবহার ২৫ শতাংশ হ্রাস এবং প্যারিস চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী, উপপ্রেস সচিব হাসান শিপলুসহ একটি ছোট প্রতিনিধিদল।
সফরে দুই দিনে দুটি পৃথক অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করার কথা রয়েছে তার।
সফর শেষে আগামী ১২ নভেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বলেন, তুরস্ক সরকারের আমন্ত্রণে বিশ্ব জলবায়ু সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক যাবেন। এ বিষয়ে কার্যক্রম চলছে। তবে এখনই বিস্তারিত কিছু চূড়ান্তভাবে বলা সম্ভব নয়।
এর আগে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সদর দপ্তরের কাছে তুর্কি হাউসে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা হয়। এবার তুরস্ক সফরে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা।












