কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
ছবি : প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা মোকাবিলা করে জনগণের প্রত্যাশা পূরণে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। একই সঙ্গে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজ সরকারি করার উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কর্ণফুলী উপজেলা মিলনায়তনে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘এক দিনে ১ লাখ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে কর্ণফুলী উপজেলায় ৬ হাজার ৫০০টি চারা বিতরণ করা হয়। সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
কর্ণফুলী আব্দুল জলিল চৌধুরী ডিগ্রি কলেজ সরকারি করার বিষয়ে সরওয়ার জামাল নিজাম বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই স্থানীয় নেতারা ও সাধারণ মানুষের পক্ষ থেকে কলেজটি সরকারি করার দাবি জানানো হচ্ছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়া হয়েছে। বিষয়টি বাস্তবায়নে উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানান তিনি।
উন্নয়ন কার্যক্রম নিয়ে বিরোধিতার প্রসঙ্গ তুলে ধরে সংসদ সদস্য বলেন, কিছু মহল বিভিন্নভাবে তার কাছে এবং সরকারের কাছে তদবির করছে, যাতে বর্তমান সরকারের আমলে কোনো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত না হয়। তবে এসব প্রচেষ্টা সফল হবে না উল্লেখ করে তিনি বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে নেওয়া উদ্যোগ বাধাগ্রস্ত করার কোনো ষড়যন্ত্রই কার্যকর হবে না।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া, কর্ণফুলী থানা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ফোরকান, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইসমাইল, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুদ্দিন সবুজ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা।
এ ছাড়া সহকারী কমিশনার (ভূমি) এস এম আমিরুল মোস্তফা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইদুল রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা আকতার ভূইয়া, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা সামছুন্নাহার স্বর্ণা ও উপজেলা তথ্য আপা রেখা রাণী দাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।













