• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

কারাগারে থাকা বিএনপি নেতা স্বপনের বাড়িতে জাতীয় পরিচয়পত্র চাইলো পুলিশ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ১০:৪৯
আপডেট: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩ ১০:৪৯

 

নিউজ ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের গ্রামের বাড়িতে পুলিশের হানা দেয়ার খবর পাওয়া গেছে। গত ২রা নভেম্বর সন্ধ্যায় রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকে জহির উদ্দিন স্বপন কাসিমপুর কারাগারে বন্দি আছেন।

বুধবার বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল গ্রামের মুন্সিবাড়িতে গৌরনদী থানা পুলিশের একটি দল যায়। এ সময় পুলিশ সদস্যরা জহির উদ্দিন স্বপনের জাতীয় পরিচয়পত্র খোঁজ করেছেন। তার পরিবারের সদস্যরা এই ঘটনায় ষড়যন্ত্রের আশংকা করছেন।

জহির উদ্দিন স্বপনের পরিবারের এক সদস্য মানবজমিনকে জানিয়েছেন, পুলিশ বারবার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি চেয়েছে। কিন্তু গ্রামের বাড়িতে তার পরিচয়পত্র না থাকায় দিতে পারিনি। ঢাকার বাসা থেকে পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করে তাদেরকে দিতে বাধ্য হয়েছি।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন মানবজমিনকে বলেন, এটা নিয়মিত সাধারণ ঘটনা। ফৌজদারি মামলার আসামি কোথাও আটক হলে বা মামলা দায়ের হলে তার স্থায়ী ঠিকানায় খোঁজখবর নেওয়া হয়। এইক্ষেত্রেও এটি হলে তাতে দোষের কিছু দেখছি না। তবে যেভাবে বলা হচ্ছে পরিচয়পত্রের জন্য চাপ দেয়া, এটা ঠিক নয়।

নাম প্রকাশ অনিচ্ছুক গৌরনদী উপজেলা বিএনপির এক নেতা মানবজমিনকে বলেন, সরকার বিরোধীদের নির্বাচনে নেওয়ার জন্য নানা কায়দা করছে। তাই জাতীয় পরিচয়পত্র নেয়ার বিষয়টি সহজভাবে দেখার সুযোগ নেই।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অভিযোগ জানিয়ে বলেছিলেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য জালিয়াতি করে বিএনপি নেতাদের নামে সরকার মনোনয়ন ফরম কেনাচ্ছে।

এর আগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন ও তার ছেলে মুহাম্মদ কায়সারের নামে মনোনয়নপত্র সংগ্রহ করার খবর প্রকাশিত হয়েছিল।

যদিও তিনি বিষয়টি অস্বীকার করেছেন। দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিতব্য ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না বলে এখন পর্যন্ত সিদ্ধান্তে অটল রয়েছে বিএনপি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম