• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কিশোরগঞ্জে গ্রামবাসীর টাকায় কোটি টাকার সেতু

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৬:৫৭
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৬:৫৭

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

একটি সেতুর অভাব। বছরের পর বছর দুর্ভোগে তিন গ্রামের মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। কৃষিপণ্য পরিবহনে সমস্যায় পড়েন কৃষকরা। চিকিৎসার জন্য হাসপাতালে যাতায়াতেও দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজেরাই এগিয়ে এসেছেন গ্রামবাসী। প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতা এবং নিজেদের প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করছেন ৩৫০ ফুট দীর্ঘ সেতু ও সংযোগ সড়ক। ইতোমধ্যে কাজের ৫০ থেকে ৫৫ শতাংশ শেষ হয়েছে। সেতুটি চালু হলে কিশোরগঞ্জের ইটনা উপজেলার তিন গ্রামের প্রায় আট হাজার মানুষের যোগাযোগব্যবস্থায় আসবে পরিবর্তন।

জানা গেছে, কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পংধূলন, হরিপুর ও গল্লী গ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার কারণ বন্নী নদীর কাটা খাল। নদীর এপার-ওপার হতে প্রতিদিনই নানা ভোগান্তির মুখে পড়তে হয় তাদের। এমন পরিস্থিতিতে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে পংধূলন গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বন্নী নদীর ওপর স্টিলের সেতু নির্মাণের উদ্যোগ নেন গ্রামবাসী। তাদের উদ্যোগে প্রায় ৩৫০ ফুট দীর্ঘ সেতু নির্মাণের পাশাপাশি দুই পাশে তৈরি করা হচ্ছে সংযোগ সড়ক।
পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা। সরকারি বরাদ্দ ছাড়াই প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতা এবং চাঁদার টাকায় এগিয়ে চলছে নির্মাণকাজ।

সেতু নির্মাণের উদ্যোক্তা মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘এই যে আমরা যারা প্রবাসী আছি তারা ও গ্রামের মানুষ চাঁদাটাদা দিতাছে বুঝছেন? এভাবেই মূলত আমরা করাইতেছি।’

সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে নিজেরা উদ্যোগ নেওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, ‘আমরা কারও কাছে যাই নাই। সরকারি বিষয়, কোন সময় দেয় না দেয়। একবার গেছিল বিগত সরকারের সময়। পরে সেটা আরেক জায়গায় নিয়া গেছে। কী কারণে নিছে, কীভাবে নিছে এইটা আমরা জানি না। পরে চিন্তা করলাম গ্রামবাসীরেই ডাইকা পরামর্শ কইরা দিই, কী কয়। তখন গ্রামে যারা গরিব মানুষ, তারাই সবার আগে প্রায় লাখখানেক টাকা দিয়া দিছে।’ নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘ব্রিজের কাজটা ৫০ শতাংশ অলরেডি হয়ে গেছে গা।’

পংধূলন গ্রামের যুবক বায়েজিদ বলেন, ‘সেতু ও সংযোগ সড়ক নির্মাণে প্রায় এক কোটি টাকা ব্যয় হতে পারে। ইতোমধ্যে কাজের ৫০ থেকে ৫৫ শতাংশ শেষ হয়েছে। পুরো অর্থের জোগান দিচ্ছেন গ্রামবাসীরাই। সেতুটি নির্মিত হলে শিক্ষার্থী ও রোগীদের চলাচলে বিশেষ সুবিধা হবে।’

নাছির হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, ‘এই নদী পার হয়ে স্কুলে যেতে হয়। নদী পারাপারে আমাদের অনেক সমস্যা হয়। নৌকার জন্য অপেক্ষা করতে করতে অনেক সময় স্কুলে পৌঁছতেও দেরি হয়ে যায়। সেতুটি হলে আমাদের যাতায়াত অনেক সহজ হবে।’

কৃষক আকবর আলী বলেন, ‘সেতুটি হলে সহজেই কৃষিপণ্য আমরা বাজারে নিতে যেতে পারব। এতে আমাদের সময় ও পরিবহন খরচ দুটোই কমবে। তাই আমরা গ্রামবাসী নিজেদের উদ্যোগে সেতু বানাইতেছি।’

ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন, ‘রায়টুটিতে গ্রামবাসীর অর্থায়নে নির্মাণাধীন সেতুর কাজের অগ্রগতি দেখতে আজ (রবিবার) সেখানে যাওয়ার কথা রয়েছে। বর্তমানে দুর্যোগ ব্যবস্থাপনার কোনো বরাদ্দ পাওয়া যায়নি। তবে উপজেলা পরিষদের এডিবি বরাদ্দ থেকে সেতুটির জন্য কিছু অর্থ সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম