শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে নাগরিক সমাজের উদ্যোগে হবে স্মরণসভা। প্রকাশ করা হবে বিশেষ স্মারকগ্রন্থ। শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিক এতে অংশ নেবেন।
স্মারকগ্রন্থের জন্য লেখা আহ্বান
স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তার জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়।
স্মারকগ্রন্থে লেখার জন্য নির্ধারিত বিষয়
১. খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব: তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন, নেতৃত্বের বৈশিষ্ট্য, মূল্যবোধ, ব্যক্তিত্ব ও রাষ্ট্রনায়কোচিত ভূমিকা।
২. আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন: গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, রাজনৈতিক আন্দোলন, স্বৈরাচারবিরোধী ভূমিকা এবং রাজনৈতিক আপসহীনতার ইতিহাস।
৩. পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম: জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, বাংলাদেশের প্রতিরক্ষা ও কৌশলগত স্বার্থ এবং আঞ্চলিক ভূরাজনীতিতে জাতীয় স্বার্থ সংরক্ষণ।
৪. নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন নারীশিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের নারী নেতৃত্বে তার অবদান।
৫. বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র, সংসদীয় রাজনীতির বিকাশ, বিরোধী দলের ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনায় তার রাজনৈতিক অবদান।
৬. খালেদা জিয়ার অর্থনৈতিক দর্শন: স্বনির্ভরতা, উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়ন, বেসরকারি খাত, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে তার দর্শন ও নীতি।
৭. নির্বাচন, গণতন্ত্র ও সংগ্রাম: নির্বাচনব্যবস্থা, ভোটাধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম।
৮. সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, সাংবাদিকতা এবং সংবাদপত্রের সঙ্গে তার সরকারের সম্পর্ক ও সংশ্লিষ্ট অভিজ্ঞতা।
৯. বেগম খালেদা জিয়া: প্রত্যক্ষ স্মৃতিচারণ ও অজানা অধ্যায়: তার সঙ্গে প্রত্যক্ষ অভিজ্ঞতা, ব্যক্তিগত স্মৃতি, রাজনৈতিক জীবনের অজানা ঘটনা এবং কর্মময় জীবনের নানা অনুল্লেখিত অধ্যায়।
১০. সরকার, আমলাতন্ত্র, সুশাসন ও দায়িত্ব: রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক সংস্কার, আমলাতন্ত্র, জবাবদিহি, সুশাসন এবং সরকারি দায়িত্ব পালনে তার ভূমিকা।
১১. অন্তিম সময়ে বেগম খালেদা জিয়া: প্রত্যক্ষ অভিজ্ঞতা ও স্মৃতিচারণ: জীবনের শেষ সময়ের অভিজ্ঞতা, চিকিৎসা, পারিবারিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তার অবস্থান এবং সংশ্লিষ্ট প্রত্যক্ষ স্মৃতি।
১২. বেগম খালেদা জিয়া নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা: তার রুচিবোধ, সৌন্দর্যচেতনা, ব্যক্তিগত জীবনযাপন, আত্মমর্যাদাবোধ, মানবিক গুণাবলি ও ব্যক্তিত্বের অনন্য বৈশিষ্ট্য।
লেখা আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে।











