• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গণতন্ত্র মঞ্চের নেতারা মাঠে নামুন, সরকার পালাবে: ডা. জাফরুল্লাহ

প্রকাশ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ১:২৫
আপডেট: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ১:২৫

 

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘আজকে পুলিশ অকারণে পেটাচ্ছে। তাদেরকে গুলি করার অধিকার কে দিয়েছেন? মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রংপুরে যা হচ্ছে, এটা কি বাংলাদেশের ছবি? আর বেশিদিন সময় নেই। গণতন্ত্র মঞ্চের নেতারা মাঠে নামুন। সরকার ভয়ে আছে, পালিয়ে যাবে’

শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম কাজী জাফর আহমদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ‘ভাসানী অনুসারী পরিষদ’।

নারায়ণগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জায়গায় বিরোধী দলের নেতাকর্মীদের ওপর যেভাবে আক্রমণ করা হচ্ছে তার কঠোর সমালোচনা করেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি সরকারপ্রধানের উদ্দেশে বলেন, ‘দেশ এভাবে চলতে পারে না। ভুল পদক্ষেপ ছেড়ে জনগণের সঙ্গে কথা বলেন। দেশে পরিবর্তন দরকার। কিন্তু বিদ্রোহ দরকার নেই।’

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে কাজী জাফর আহমদ নেই। কিন্তু অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন। আমরা রাস্তায় নামলে ১৫ মাসের মধ্যে দেশে পরিবর্তন আসতে বাধ্য। আমরা লড়াইয়ে আছি, থাকবো ইনশাল্লাহ।’

অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘কাজী জাফর আহমদ আরেকটা আসবে না। তাকে আজ সবচেয়ে বেশি প্রয়োজন। সমাজ পরিবর্তনের পূর্বশর্ত হলো গণতন্ত্র। মানুষ কোনো মতাদর্শ বুঝে না। তারা চায় তাদের অধিকার। আজকে নারায়ণগঞ্জসহ সারাদেশে যা হচ্ছে, তাতে সরকার দেশকে রক্তের দিকে নিয়ে যাচ্ছে।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কাজী জাফর আহমদ ছিলেন বিচক্ষণ রাজনীতিবিদ। আজ যেভাবে দেশ চলছে, তা চলতে পারে না। আমরা ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই করছি। ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে বদলে দিতে পারবো।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘দেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কাঠামো নিয়ে নতুনভাবে ভাবতে হবে। আমরা এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছি।’

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু সভাপতিত্বে ও হাবিবুর রহমান রিজুর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের ভিপি নুরুল হক নূর, জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব কাজী নজরুল ইসলাম, ভাসানী অনুসারী পরিষদের আক্তার হোসেন, ডা. সেলিম, বাবুল বিশ্বাসসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম