মৌলভীবাজার প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
ক্ষমতার গদি কখনোই চিরস্থায়ী হয় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে না উল্লেখ করে ডা. শফিকুর রহমান জানান, তারা সংসদে দায়িত্বশীল ও বিবেকবান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চান।
তিনি আরও জানান, সরকারের ভালো উদ্যোগকে তারা সমর্থন করবেন, তবে যেকোনো ভুল ও অনিয়মের সমালোচনা করতে পিছপা হবেন না। অতীতে সরকারি দলকে অন্ধ সমর্থন বা সংসদে অস্থিতিশীলতা তৈরির যে সংস্কৃতি ছিল, তা পরিহার করে একটি ইতিবাচক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি।
আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে সরকারের সমালোচনা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, ‘পুলিশের মধ্যে অনেক দায়িত্বশীল ও দেশপ্রেমিক কর্মকর্তা রয়েছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের মন্ত্রণালয়ের কাজে আরও মনোযোগী হওয়া উচিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদক নির্মূলে প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না।’
বিরোধীদলীয় নেতা বলেন, ‘ভারত থেকে যদি দেশে অবৈধ টাকা ও প্রাণঘাতী অস্ত্র প্রবেশ করে, তবে সরকারে থেকে লাভ কী? সীমান্ত দিয়ে এসব অবৈধ অস্ত্র ও অর্থ ঢুকলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছাড়া আর কিছুই হবে না।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘অনেক সংসদ সদস্য ও মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না। নীতির প্রশ্নে কাউকে বড় করে দেখার সুযোগ নেই। কেউ ভুল করলে তাকে সংশোধনের সুযোগ দেওয়া উচিত, কিন্তু অপরাধ করলে ছাড় দেওয়া উচিত নয়।’
নিজ দলের এক সংসদ সদস্যকে বহিষ্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওই সংসদ সদস্যকে দল থেকে বাদ দেওয়ার বিষয়ে তারা ২৪ ঘণ্টাও সময় নেননি।’ তার সঙ্গে দলের আর কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।












