• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৩:২৫
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৩:২৫

গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন
 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের পৈতৃক বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ সময় তার কয়েকজন সহযোগী ও সমর্থকের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে সংসদ সদস্যের বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তারা বাড়ির বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করেন। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই গ্রামের এমপির সমর্থক লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্লার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এদিকে, উপজেলার ঘোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকিরের বাড়িতে এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

অন্যদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া, তিলছড়া, গোপালপুর, তারাইল ও ফুকরাসহ বিভিন্ন স্থানে বুধবার সন্ধ্যা থেকে গাছ কেটে সড়কে ফেলে অবরোধ সৃষ্টি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহণ শ্রমিকরা। সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে হাজার হাজার আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা গেছে।

সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে কাশিয়ানী থানার ওসি মীর মো. সাজেদুর রহমানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম