• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

তথ্যপ্রযুক্তি

চ্যাটজিপিটিতে যুক্ত হলো ‘বিজনেস হাব’, কী সুবিধা পাবেন ব্যবসায়ীরা

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৩:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৩:৩৮

চ্যাটজিপিটিতে যুক্ত হলো ‘বিজনেস হাব’, কী সুবিধা পাবেন ব্যবসায়ীরা
 

প্রচলিত সার্চ ইঞ্জিন ও ব্যবসা খুঁজে পাওয়ার প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় আরও এক ধাপ এগোল ওপেনএআই। এবার চ্যাটজিপিটিতে ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য নতুন ‘বিজনেস হাব’ চালু করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে বিভিন্ন কোম্পানি নিজেদের ব্যবসায়িক প্রোফাইল তৈরি, পরিচালনা এবং প্রয়োজন অনুযায়ী তথ্য হালনাগাদ করতে পারবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) নতুন এই ফিচার চালুর ঘোষণা দেয় ওপেনএআই। বর্তমানে এটি পরীক্ষামূলক (বেটা) পর্যায়ে রয়েছে। এর আওতায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য ও সেবা সম্পর্কে তথ্য যাচাই করে চ্যাটজিপিটিতে যুক্ত করতে পারবে। ব্যবহারকারীরা যাতে সহজে বিভিন্ন প্রতিষ্ঠান খুঁজে পেতে, পণ্যের তুলনা করতে এবং কেনাকাটার সিদ্ধান্ত নিতে পারেন, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

নির্বাচিত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বিশেষায়িত এআই এজেন্ট তৈরির সুযোগও পাবে। এর ফলে চ্যাটজিপিটি ব্যবহারকারীরা সরাসরি প্ল্যাটফর্মটিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, তাদের পণ্য ও সেবা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন।

ব্যবসাপ্রতিষ্ঠান পাবে গ্রাহকদের তথ্য

বিজনেস হাবের মাধ্যমে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চ্যাটজিপিটিতে নিজেদের প্রোফাইল ও পণ্য নিয়ে ব্যবহারকারীদের আগ্রহ এবং কার্যক্রম সম্পর্কে সীমিত পরিসরে বিশ্লেষণী তথ্য পাবে।

এর মধ্যে থাকবে প্রোফাইল কতবার দেখা হয়েছে, কতবার প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, ওয়েবসাইটে কতবার ক্লিক করা হয়েছে এবং ব্যবহারকারীদের সম্পৃক্ততার অন্যান্য পরিসংখ্যান। গুগলসহ প্রচলিত সার্চ ইঞ্জিন ও ডিজিটাল প্ল্যাটফর্মের অ্যানালিটিকস সুবিধার সঙ্গে এই ব্যবস্থার বেশ মিল রয়েছে।

ওপেনএআই জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর তথ্য অনুসন্ধান প্রক্রিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আরও সরাসরি যুক্ত করাই এ উদ্যোগের লক্ষ্য।

প্রতিষ্ঠানটির ঘোষণায় বলা হয়েছে, ‘মানুষ যখন পণ্য খুঁজতে, বিভিন্ন বিকল্পের তুলনা করতে এবং সিদ্ধান্ত নিতে এআইয়ের ওপর নির্ভর করছে, তখন চ্যাটজিপিটি এআইয়ের মাধ্যমে মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের সংযোগের একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।’

যাচাই প্রক্রিয়া এখনো স্পষ্ট করেনি ওপেনএআই

বিজনেস হাবে নিজেদের প্রোফাইল পরিচালনার জন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে প্রথমে পরিচয় ও ব্যবসায়িক তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে এ যাচাইয়ের নির্দিষ্ট শর্ত ও পদ্ধতি এখনো প্রকাশ করেনি ওপেনএআই।

প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট অব মনিটাইজেশন বেনজি শোমেয়ার সাংবাদিকদের জানিয়েছেন, ব্যবসার ধরন এবং সংশ্লিষ্ট বাজারের ওপর ভিত্তি করে একাধিক পদ্ধতিতে যাচাই করা হবে।

এদিকে পরীক্ষামূলক পর্যায় শেষে ফিচারটি সবার জন্য কবে উন্মুক্ত করা হবে, সে বিষয়েও কোনো সময়সীমা জানায়নি প্রতিষ্ঠানটি।

চ্যাটজিপিটিকে সরাসরি ই-কমার্স প্ল্যাটফর্মে পরিণত করার আগের পরিকল্পনায় প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর নতুন এই উদ্যোগ নিল ওপেনএআই। এর আগে চ্যাটজিপিটি থেকেই সরাসরি পণ্য কেনার সুযোগ চালু করার উদ্যোগ নিয়েছিল প্রতিষ্ঠানটি। ওই ব্যবস্থায় ব্যবহারকারীদের অন্য কোনো ওয়েবসাইটে না গিয়েই পণ্য কেনার সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল।

এ লক্ষ্যে চেকআউট সুবিধা এবং বিক্রির ওপর কমিশনভিত্তিক আয়ের মডেলও চালু করেছিল ওপেনএআই। এর মাধ্যমে প্রচলিত অনলাইন মার্কেটপ্লেসগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ানোর লক্ষ্য ছিল প্রতিষ্ঠানটির। তবে উদ্যোগটি তেমন সাড়া না পাওয়ায় ২০২৬ সালের মার্চে চেকআউট সুবিধা বন্ধ করে দেওয়া হয়।

বিজনেস হাবের মাধ্যমে এবার ভিন্ন কৌশলে এগোচ্ছে ওপেনএআই। সরাসরি পণ্য বিক্রির পরিবর্তে ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচিতি বাড়ানো, গ্রাহকদের সঙ্গে যোগাযোগ তৈরি এবং ব্যবহারকারীদের আচরণসংক্রান্ত তথ্য বিশ্লেষণের ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। ফলে চ্যাটজিপিটি ধীরে ধীরে শুধু তথ্য খোঁজার মাধ্যম নয়, ব্যবসাপ্রতিষ্ঠান খুঁজে পাওয়া ও তাদের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার প্ল্যাটফর্ম হিসেবেও নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে।

সূত্র: সামা টিভি

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম