শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, একাত্তরে ৯ মাসের যুদ্ধে ভৌগোলিক স্বাধীনতা অর্জন হয়েছে। কিন্তু তার মাধ্যমে জনগণের স্বাধীনতা অর্জিত হয়নি। ৭ নভেম্বর হচ্ছে জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আমাদের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কারও নির্দেশে পরিচালিত হবে না, তা হবে জনগণের ইচ্ছে অনুযায়ী। ১৯৭৫ সালের এই দিনেই সেটি নিশ্চিত হয়েছিল।
তিনি বলেন, নাগরিক ও ভৌগোলিক স্বাধীনতা এনেছিলেন জিয়াউর রহমান। দেশ কীভাবে পরিচালিত হবে, সে সিদ্ধান্ত নেবেন দেশের জনগণ। জিয়াউর রহমান তা প্রতিষ্ঠিত করে গেছেন। তিনি বহু দলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। কিন্তু আমাদের দেশে বারবার গণতন্ত্রের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারত থেকে ফেরত আসার ১৩ দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হলো। এরপর এরশাদ অন্যায়ভাবে সামরিক আইন জারি করে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করলেন। তিনি ৯ বছর অগণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করলেন। কিন্তু খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করলেন। এর মাধ্যমে ১৯৯০ সালে স্বৈরাচার সরকারের পতন হয়।
রিজভী গণতন্ত্রের লড়াইয়ে বিএনপির গৌরবময় ইতিহাসের কথা উল্লেখ করেন। এ সময় তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা বিগত দিনে জেল-জুলুমের শিকার হয়েছেন। অনেককে বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি আগামী দিনেও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান।
সভায় আরও ছিলেন– জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহম্মাদ এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক রুনা লায়লা।










