• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছেই, ‘সরকার বদলায় নীতি বদলায় না’

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:৫৭
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৩:৫৭

 

ডেঙ্গু নিয়ন্ত্রণে একের পর এক উদ্যোগ, কর্মসূচি ও অর্থ বরাদ্দ দেওয়া হলেও সাফল্য আসেনি। বিগত আওয়ামী লীগ সরকার, অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি সরকারের সময়ে ডেঙ্গু মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু হাসপাতালে ভর্তি রোগী ও মৃত্যুর পরিসংখ্যান বলছে, পরিস্থিতির উন্নতি হয়নি।
বাংলাদেশে মশাবাহিত অন্যান্য রোগের তুলনায় ডেঙ্গুর প্রকোপ বেশি। দেশে ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখা হচ্ছে। প্রথম বছরেই এ রোগে ৯৩ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হন ৫ হাজার ৫৫১ জন।

২০১৯ সালে ডেঙ্গু সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। সে বছর সরকারি হিসাবে ডেঙ্গুতে ১৫৬ জনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। তবে পরের বছরগুলোতে পরিস্থিতির আরও অবনতি ঘটতে থাকে।

২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের সময় ডেঙ্গুতে দেশে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯।
পরের বছর ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়। ওই বছরের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন।

২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময় ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয়। এ বছর হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন।

তবে চলতি বছর আবার মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ বছর ২৪ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ৫২৪ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জনে। এ বছরের ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি।

২০২৩ সালে ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয় বাংলাদেশ। মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেয়।

২০২৩-২৪ অর্থবছরে ঢাকা উত্তর সিটি করপোরেশন মশা নিয়ন্ত্রণে ১২১ কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দ রাখে। এর মধ্যে ওষুধ কেনার জন্য ৪৫ কোটি টাকা, আউটসোর্সিংয়ের মাধ্যমে মশা নিয়ন্ত্রণে ৩০ কোটি টাকা এবং যন্ত্রপাতি কেনার জন্য ৩০ কোটি টাকা রাখার কথা জানানো হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও একই অর্থবছরে মশা নিয়ন্ত্রণে প্রায় ৪৬ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দেয়।

তবে, এত বড় বরাদ্দের পরও ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়।

২০২৪ সালের মার্চে আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪-২০৩০ মেয়াদের জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কৌশল অনুমোদন করা হয়।

এই কৌশলে ২০৩০ সালের মধ্যে প্রতি হাজারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ একজন এবং মৃত্যুহার শূন্য দশমিক ১ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়।
পরিকল্পনায় ছিল—বছরজুড়ে মশার প্রজননস্থল শনাক্ত ও নিয়ন্ত্রণ, মশার লার্ভা নিয়ন্ত্রণে সক্ষমতা বৃদ্ধি, রোগ শনাক্তকরণ ও নজরদারি জোরদার, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, জনসচেতনতা ও গবেষণা বৃদ্ধি এবং ডেঙ্গুতে মৃত্যুর কারণ পর্যালোচনা।

তবে কৌশলপত্র প্রণয়নের তিন বছর পেরিয়ে গেলেও এর বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি নেই। মশা নিয়ন্ত্রণ, রোগী ব্যবস্থাপনা ও নজরদারির পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতিও রয়ে গেছে।

২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার ডেঙ্গু মোকাবিলায় কয়েকটি উদ্যোগের কথা জানায়।

ওই বছরের ১১ নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত সরকারের তিন মাসের অগ্রগতি প্রতিবেদনে এসব উদ্যোগের তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ডেঙ্গু নিয়ন্ত্রণে ২০২৪-২০৩০ মেয়াদের জাতীয় কৌশলের খসড়া চূড়ান্ত করা হয়। পাশাপাশি মশার বিস্তার ও ডেঙ্গু পরিস্থিতি বুঝতে কীটতত্ত্ববিষয়ক জরিপের জন্য ১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

এছাড়া দেশের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার স্থাপন, ঢাকা উত্তর সিটি করপোরেশন হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে ডেঙ্গু চিকিৎসার জন্য নির্ধারণ, ১ লাখ ১ হাজার ১৫৯টি ডেঙ্গু পরীক্ষার কিট ও ২৬ হাজার ১৩৫টি মশারি বিতরণ এবং ৪ লাখ ২১ হাজার ৮০০ লিটার আইভি ফ্লুইড বা স্যালাইন মজুত রাখার কথা জানানো হয়। ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য অধিদপ্তর একটি ট্র্যাকার অ্যাপও তৈরি করে।
উদ্যোগের পরও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য
২০২৪ সালের ৮ আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়ে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক ছিল। পরের বছর আক্রান্তের সংখ্যা আগের বছরের তুলনায় সামান্য বাড়লেও মৃত্যুর সংখ্যা কমে। তবে, ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ছিল গত ২৫ বছরের মধ্যে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ।

বিএনপি সরকার: দেশব্যাপী ৩ মাসের বিশেষ অভিযান

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর বিএনপি সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু করে।

গত ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেন। কর্মসূচিটি ১২ ডিসেম্বর পর্যন্ত চলার কথা।

অভিযানে ১১টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, ৬৪টি জেলা প্রশাসন ও ৫০৩টি উপজেলা প্রশাসনের অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার উপজেলা হাসপাতালে ডেঙ্গুরোগীদের জন্য পাঁচটি করে শয্যা সংরক্ষণ এবং হাসপাতালগুলোতে পরীক্ষার কিট ও স্যালাইনের মজুত নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বরাদ্দ বাড়লেও মশা নিয়ন্ত্রণে কেন সাফল্য নেই?
ডেঙ্গু নিয়ন্ত্রণে অর্থ বরাদ্দের পরিমাণ বাড়লেও তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের গত এক দশকের বরাদ্দের চিত্রে বিষয়টি স্পষ্ট।

গত ১১ বছরে ঢাকার দুই সিটি করপোরেশন মশা নিয়ন্ত্রণে প্রায় ৮২৫ কোটি টাকা ব্যয় করেছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ব্যয় প্রায় ৫৪৯ কোটি ৫০ লাখ টাকা এবং ঢাকা দক্ষিণের ব্যয় প্রায় ২৭৫ কোটি ৩৫ লাখ টাকা।

কিন্তু এত অর্থ বরাদ্দ ও ব্যয়ের পরও ডেঙ্গু নিয়ন্ত্রণে সাফল্য আসেনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২৬ সালের এক জরিপে ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টিতে এডিস মশার লার্ভার ঘনত্ব গ্রহণযোগ্য মাত্রার ওপরে পাওয়া যায়। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

এত কিছুর পরও ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে। এটাই মূল কাজ।

‘এডিস মশা অন্যান্য মশার চেয়ে একটু আলাদা। একে অনেক সময় “ডমেস্টিক মসকিউটো” বলা হয়। কারণ, এ মশা বাসাবাড়ির আশপাশে বংশবিস্তার করে এবং সেখান থেকে উড়ে গিয়ে মানুষকে কামড়ায়। এরা ড্রেন বা নর্দমার মতো জায়গায় বংশবিস্তার করে না। কৃত্রিমভাবে পানি জমে থাকে, এমন জায়গায় এ মশা বংশবিস্তার করে।’

তিনি আরও বলেন, নগরায়ণের দিক থেকে বাংলাদেশ একটি অত্যন্ত অপরিকল্পিত দেশ। এখানে যেভাবে নগরায়ণ হয়েছে, তাতে কৃত্রিমভাবে পানি জমে থাকার ঝুঁকি অনেক বেশি। এ জটিলতার কারণেই ঢাকায় ২৬ বছর ধরে ডেঙ্গুর প্রকোপ চলছে। তবে সিটি করপোরেশন নানা উদ্যোগ নিয়েও ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হচ্ছে না। এর একটি কারণ হলো—অপরিকল্পিত নগরায়ণ।

‘দ্বিতীয় বড় কারণ, এডিস মশা নিয়ন্ত্রণে কীটতাত্ত্বিক সক্ষমতা (এন্টোমোলজিক্যাল ক্যাপাসিটি) প্রয়োজন। এর মধ্যে রয়েছে কীটতত্ত্ববিষয়ক গবেষণাগার, কীটতত্ত্ববিদ, কারিগরি কর্মী, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও প্রয়োজনীয় পদ্ধতি। এসব ক্ষেত্রে আমাদের বড় ঘাটতি রয়েছে। কীটতাত্ত্বিক সক্ষমতা খুবই কম সামান্য, নাই বললেই চলে। সিটি করপোরেশন বা পৌরসভাগুলোর কোথাও এ ধরনের সক্ষমতা নেই, গবেষণাগারও নেই।’

গত ২৬ বছরেও এ ধরনের সক্ষমতা গড়ে ওঠেনি উল্লেখ করে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আরও বলেন, এ বিষয়ে আমরা অনেক সুপারিশ করেছি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকেও বারবার বলা হয়েছে। তিন-চার বছর আগে তারা স্বাস্থ্য অধিদপ্তর থেকে কয়েকজন কীটতত্ত্ববিদকে প্রেষণে নিয়োগ দিয়েছিল। তবে তাদের সবাই যোগদান করেননি। শেষ পর্যন্ত একজন কীটতত্ত্ববিদ কিছুদিন কাজ করেন। তার মাধ্যমে উল্লেখযোগ্য কিছু উন্নতি আনা সম্ভব হয়েছিল।

‘এ ধরনের উদ্যোগ আরও বড় পরিসরে নেওয়া প্রয়োজন। ঢাকা একটি বিশাল মেগাসিটি। তাই এখানে কীটতত্ত্ববিদের চাহিদাও অনেক বেশি। প্রায় ১০-১৬ জন কীটতত্ত্ববিদ প্রয়োজন। পাশাপাশি প্রয়োজন গবেষণাগার ও অন্যান্য সরঞ্জাম। কিন্তু এসবের কিছুই নেই। শুধু ফগিং করে এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রতিবছর কিছু লার্ভিসাইডও ছিটানো হয়। কিন্তু তাতেও কাজ হবে না। এটাই মূল সমস্যা, যা অনেকেই বুঝতে পারেন না’, বলেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক এই পরিচালক বলেন, ডেঙ্গু মোকাবিলায় কাজ করা অভিজ্ঞ ও বিশেষজ্ঞরা বারবার বিষয়টি তুলে ধরলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো তেমন গুরুত্ব দিচ্ছে না।

বে-নজির আহমেদ বলেন, ইদানীং স্থানীয় সরকার বিভাগ কয়েকজন কীটতত্ত্ববিদ নিয়োগ দিয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, নিয়োগে যোগ্য প্রার্থী বাছাই হয়নি এবং নানা অনিয়ম হয়েছে। কীটতাত্ত্বিক গবেষণাগার ও প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া শুধু লোক নিয়োগ করলেও হবে না। এটি একটি বিচ্ছিন্ন উদ্যোগ। এর মাধ্যমে যে ফল প্রত্যাশা করা হয়েছিল, তা পাওয়া যাচ্ছে না।

‘এগুলোই মূল সমস্যা। এসব সমস্যা দূর করা না গেলে এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব হবে না। এর মধ্যে নতুন আরেকটি বিষয় যুক্ত হয়েছে। এখন গ্রামাঞ্চলেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। গ্রামীণ এলাকায় এডিস মশা কোথায় বংশবিস্তার করছে এবং কীভাবে তা নিয়ন্ত্রণ করতে হবে, সে বিষয়ে আমাদের ধারণা খুবই কম। এটি নতুন একটি মাত্রা যোগ করেছে।’

তিনি বলেন, ২৬ বছরেও যদি বাংলাদেশের রাজধানী ঢাকায় এডিস মশা নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে যেখানে এ ধরনের কোনো সক্ষমতাই নেই, সেই গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হবে বলে আশঙ্কা রয়েছে। গ্রামাঞ্চলে ডেঙ্গু জনস্বাস্থ্যে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। এতে পরিস্থিতি আরও খারাপ হবে এবং এর প্রভাব হবে গুরুতর।

‘এর ফলে দেশের জাতীয় উন্নয়নও বাধাগ্রস্ত হবে। দরিদ্র মানুষ আরও দরিদ্র হবে। এমনকি যারা সামান্য সচ্ছল, তারাও নিঃস্ব হয়ে যেতে পারে। কারণ, ডেঙ্গু একটি মারাত্মক রোগ। মানুষ এখন জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করে। দেখা যাবে, গ্রাম থেকে রোগীদের চিকিৎসার জন্য শহরে নিয়ে আসা হচ্ছে। এতে বিপুল অর্থ ব্যয় হবে এবং অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে পড়বে। সম্প্রতি ডেঙ্গুর চিকিৎসা করাতে গিয়ে বেশ কয়েকটি পরিবার সর্বস্বান্ত হওয়ার ঘটনা দেখা গেছে।’

তিনি বলেন, ডেঙ্গুর সামাজিক ও অর্থনৈতিক প্রভাবও রয়েছে। তাই এ উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে ডেঙ্গু নিয়ন্ত্রণে সাফল্য পাওয়া সম্ভব। অন্যদিকে, এভাবে কাজ করা না গেলে যত উদ্যোগের কথাই বলা হোক, ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে না।

‘সরকার পরিবর্তন হলেও নীতির পরিবর্তন হয় না’

যোগাযোগ করা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, ডেঙ্গুর ২৬ বছরের ইতিহাসে কোনো পর্যায়েই আমরা সফল হতে পারিনি। সবাই একই ভুল করছে। আসলে সরকার পরিবর্তন হয়, কিন্তু নীতির পরিবর্তন হয় না—এটাই আমাদের দুর্ভাগ্য।

তিনি বলেন, আমাদের ভুলটা হচ্ছে—তথ্য-প্রমাণভিত্তিক উপায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ বা এডিস মশা নিয়ন্ত্রণ করতে পারছি না।

বিষয়টি ব্যাখ্যা করে কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, এডিস মশা যেসব জায়গায় বংশবিস্তার করে, সেখানে আমরা নিয়ন্ত্রণ কার্যক্রম পৌঁছাতে পারিনি। সেখানে কার্যকরভাবে কাজ করতে পারছি না। যেমন, বর্তমান প্রধানমন্ত্রী বিভিন্নভাবে নির্দেশনা দিচ্ছেন, কাজ করতে বলছেন। সংশ্লিষ্ট সবাই কাজ করছেন, আমরা দেখছি। কিন্তু অভিযানে দেখা যায়, ফগিং করা হচ্ছে রাস্তাঘাটে ও স্প্রে করা হচ্ছে ড্রেন-নর্দমায়, ঝোপঝাড়ও পরিষ্কার করা হচ্ছে। অথচ এসব জায়গায় সাধারণত ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার ঘটে না। এসব জায়গায় মূলত কিউলেক্স মশার বিস্তার ঘটে।

‘এডিস মশা মানুষের বাসাবাড়ি ও বাড়ির আঙিনায় বিভিন্ন ছোট-বড় পাত্রে জমে থাকা পানিতে বংশবিস্তার করে। কিন্তু সেসব জায়গায় আমরা পৌঁছাতে পারছি না। তখন এডিস মশা হাসে আর ভাবে, বোকা মানুষ আমাকে মারতে চায়, কিন্তু কোথায় গুলি করছে? কোথায় নিয়ন্ত্রণের ব্যবস্থা নিচ্ছে? মূল কথা হলো, আমরা তথ্যপ্রমাণভিত্তিক ও নির্দিষ্ট লক্ষ্যকেন্দ্রিক এডিস মশা নিয়ন্ত্রণ করতে পারিনি। এডিস মশা নিয়ন্ত্রণের কার্যক্রম সারা বছর ধরে চালিয়ে যেতে হবে। ডেঙ্গু বেড়ে গেলে কেবল তখনই এ কার্যক্রম চালালে হবে না’, যোগ করেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম