এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের থানা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (৫৫) এবং তাঁর বড় ভাই ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত দেড়টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুরের বেপারীপাড়ায় তাঁদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলমের নেতৃত্বে পুলিশের একাধিক দল এলাকায় অভিযান চালায়। এ সময় দুই ভাইকে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান, হুমায়ুন কবির কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাঁর বড় ভাই হাবিবুর রহমান বিদেশে অবস্থানরত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেলেও এই দুই ভাই নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। প্রথম দিকে তাঁরা বাড়ির বাইরে বের হতেন না। পরে তারা প্রকাশ্যে আসতে শুরু করেন।
ৎফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম বলেন, হুমায়ুন কবিরের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে। হাবিবুর রহমানের বিরুদ্ধেও বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।













