এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে ফার্নিশ অয়েলবাহী ট্যাংকারের ট্যাংকির ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মোঃ রাতুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে মোঃ ফারুক (৪২) নামে এক ম্যানেজারও অচেতন হয়ে পড়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকার সাউদ বাড়িসংলগ্ন নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল ওই এলাকার আমিজউদ্দিনের ভাড়াটিয়া কুদ্দুস আলীর ছেলে। তিনি জ্বালানি তেল সরবরাহকারী পরিবহন ট্যাংকলরিতে কাজ করতেন।
পুলিশ জানায়, টেংলরির ট্যাংকার পরীক্ষা করতে গিয়ে হেলপার রাতুল ভেতরে প্রবেশ করলে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। তাকে উদ্ধারে ম্যানেজার ফারুক ট্যাংকারের ভেতরে প্রবেশ করলে তিনিও অচেতন হয়ে যান।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ইউসুফ নিহতের বাড়িতে যান। পরে সেখান থেকে সুরতহাল করে মরদেহ থানায় নিয়ে যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানায় পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।













