শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় টিম।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে প্রেস ব্রিফিং করবেন সংসদ সদস্যরা।
বিরোধী দলীয় সংসদীয় এই টিমে রয়েছেন– এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি (চুয়াডাঙ্গা-১) এবং আব্দুল গফুর এমপি (কুষ্টিয়া-২)।
উল্লেখ্য, গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টায় নুসরাত তাবাসসুম এমপির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে দলটি। স্থানীয় নেতারা জানান এ সময় ওই বাড়িতে আট জন ছিলেন, তাদের দুজন আহত হন। দুটি ছাগল মারা যায় এবং আসববাপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় দৌলতপুর থানায় নুসরাত তাবাসসুম এমপি বাদী হয়ে মামলা করেছেন। এতে আট জনের নাম উল্লেখ করে এবং ২৫-৩০ জন অজ্ঞাত আসামি করে মামলা দেওয়া হয়েছে। আসামি হিসেবে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহবায়ক মো. হৃদয়, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে।










