শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
নেত্রকোণার হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের সহযোগিতা চেয়েছেন তিনি।
বুধবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে র্যামন ম্যাগসেসে পুরস্কার-২০২৬ প্রাপ্ত ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
ডেপুটি স্পিকার রুনা খানকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য অভিনন্দন জানিয়ে বলেন, তার এ অর্জন দেশের জন্য গৌরবের। সাক্ষাতে ডেপুটি স্পিকার বলেন, নেত্রকোনার হাওরাঞ্চলের মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগসহ বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সেখানে স্যাটেলাইট হাসপাতাল ও নৌ-অ্যাম্বুলেন্স চালু করা প্রয়োজন। পাশাপাশি প্রকৃত জেলেদের জলমহালের অধিকার নিশ্চিত এবং মৎস্যসম্পদ, কৃষি ও পর্যটনকেন্দ্রিক কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেন তিনি। হাওরাঞ্চলের সমন্বিত উন্নয়নে বিশেষ টাস্কফোর্স গঠনেরও আহ্বান জানান।
এসময় ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে তার প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে ডেপুটি স্পিকার ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।













