• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

পল্লবী-রূপনগরে বিএনপির ২০ হাজার নিমগাছ রোপণের উদ্যোগ

প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ১১:৫৪
আপডেট: শুক্রবার, ২৭ জুন, ২০২৫ ১১:৫৪

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পল্লবী-রূপনগর এলাকায় ২০ হাজারেরও অধিক নিমগাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

তিনি বলেন, বিএনপি সবসময় মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক পথেই আমাদের রাজনীতি ও কর্মসূচি পরিচালিত হবে।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর রূপনগর ৯২ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির চলমান সদস্য নবায়ন কার্যক্রম আগামী ৩ জুলাই শেষ হওয়ার পরপরই প্রতিটি ওয়ার্ডের বাসাবাড়ি ও রাস্তার পাশে নিমগাছ রোপণ শুরু হবে। এই বৃক্ষরোপণ কার্যক্রমে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ত করা হবে।

তিনি বলেন, বিএনপি শুধু রাজনীতিই করে না, পরিবেশ রক্ষার মতো সামাজিক দায়বদ্ধতাও পালন করে। দেশের জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ বিপর্যয়ের প্রতিকারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলেন, কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা বা অন্যায় কাজে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা আত্মসমালোচনার জায়গা থেকে বলছি। গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকারের অধীনে মানুষ কেবল অবিচার ও দমননীতির শিকার হয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণই হবে মূল অগ্রাধিকার। সাধারণ মানুষের সঙ্গে নিয়ে আগামী দিনে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান- এ স্লোগান শুধু মুখের কথা নয়, এটি বাস্তবায়নের জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশ বাঁচাতে বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

৯২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. নূরনবীর সভাপতিত্বে, সদস্য সচিব আলমগীর হোসেন বাবুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, এমএস আহমাদ আলী, জাসাস ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মজিবুল হক, সিনিয়র সদস্য এম. আশরাফুল ইসলাম, রূপনগর থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, রূপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম, যুবদল রূপনগর থানার সদস্য সচিব হাদিউল ইসলাম রাজিব, সিনিয়র সহ-সভাপতি মো. নাঈম হোসেন, ছাত্রদল রূপনগর থানার সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান রনি প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম