ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশের বিরুদ্ধে আপিল করেছে সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে।
এদিন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে জানান, সরকারের পক্ষ থেকে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। এদিন বেলা আড়াইটায় আপিলের শুনানি হবে। শুনানির জন্য বেলা ১১টার দিকে স্পেশাল চেম্বার জজের কাছ থেকে বিশেষ অনুমতিও নেওয়া হয়েছে।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও আপিল করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী কাজী জয়নাল আবেদীন। তিনি বলেন, যে বিষয়টির ওপর ভিত্তি করে রিট আবেদন করা হয়েছিল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বুধবার তাদের প্রস্তাবের মাধ্যমে সেই নিয়ম পরিবর্তন করেছে। এটিই আপিলের মূল যুক্তি।
এ ছাড়া জনস্বার্থে করা রিট আবেদনটির গ্রহণযোগ্যতা এবং আবেদনকারীর মামলা করার আইনগত অধিকার নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
কাজী জয়নাল আবেদীন বলেন, যেসব শিক্ষার্থীর স্বার্থের কথা বিবেচনা করে রিট করা হয়েছে, তাদের মধ্যে সরাসরি ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা কেউই ওই মামলার পক্ষ নন। তার মতে, এখানে জনস্বার্থে মামলা করার বিধানের অপব্যবহার হচ্ছে।
এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার প্রসঙ্গ তুলে তিনি বলেন, দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর পুনঃপরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। গুটিকয়েক শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের নিজস্ব নিয়ম এবং উচ্চশিক্ষার অপেক্ষায় থাকা বৃহত্তর মেধাবী শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন করা ঠিক হবে না।
বিষয়টি প্রশাসনিকভাবেও সমাধান করা যেত বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আইনজীবী। তিনি বলেন, কোনো অধিকারই নিরঙ্কুশ নয়। রিটের মাধ্যমে এমন কাউকে বাড়তি সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে, যিনি আদৌ সেই সুবিধা নিতে পারবেন কি না, তা অনিশ্চিত।
এর আগে বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাই কোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন।
একই সঙ্গে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন পোর্টাল খোলা রাখা এবং যেসব শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা এখনো শেষ হয়নি, তাদের শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
আইনজীবী কামরুন নাহার মাহমুদের করা ওই রিট আবেদনে বলা হয়, এইচএসসি পরীক্ষায় প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। সরকার এক মাসের মধ্যে তাদের পুনঃপরীক্ষা নিয়ে ২৩ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে ভর্তি পরীক্ষার সময় ২৫ দিন পিছিয়ে দিলে এসব শিক্ষার্থীও অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আইনজীবী কামরুন নাহার মাহমুদ জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়গুলো সেই নির্দেশনা বিবেচনায় নেয়নি। এ কারণেই রিট আবেদনটি করা হয়েছিল।













