শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ফেনীর দাগনভূঞায় বটি দিয়ে কুপিয়ে নিজের ৭৫ বছর বয়সী বৃদ্ধ মাকে হত্যা করেছে তার মেয়ে রিনা আক্তার রানু (৩৭)। রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের পূর্ব চন্দ্রপুর গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই মায়ের নাম সেতারা বেগম। তিনি ওই গ্রামের মৃত হোসেন আহমেদের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কিছুদিন ধরে রানু আক্তার অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। সম্প্রতি তিনি তার স্বামীকেও মারধর করেন। এ ঘটনার পর পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য কিছুদিন আগে বাবার বাড়িতে নিয়ে আসেন। সেখানে তার মানসিকসহ অন্যান্য চিকিৎসা চলছিল।
রোববার রাতে হঠাৎ রানু ঘরের অন্য সদস্যদের একটি কক্ষে অবরুদ্ধ করে ধারালো বটি দিয়ে তার মাকে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সেতারা বেগমের মৃত্যু হয়। পরে রানু বটি হাতে নিয়ে ঘরের এক কক্ষ থেকে অন্য কক্ষে দৌড়াতে থাকেন এবং ভেতর থেকে দরজা আটকে রাখেন। পরে খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘক্ষণ চেষ্টার পর পুলিশ বসতঘরের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সেতারা বেগমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রানুকে আটক করা হয়।
এ ব্যাপারে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির মানসিক সমস্যা থাকতে পারে বলে মনে হয়েছে। তাকে আটক করা হয়েছে।
এর আগে, চলতি বছরের ১০ মে দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারিন্টেন্ডেন্ট বাড়িতে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে লাকি বেগম (৪০) নামে এক নারী নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন তার স্বামী ও মেয়ে। পরে অভিযুক্ত ছেলে রাফিকে (২১) স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন।













