বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত তিনি। মধুমিতা সরকারের বাংলাদেশের সিনেমায় প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন। সিনেমার নাম ‘গুলশানের চামেলি’। সিনেমাটি পরিচালনা করবেন মোহাম্মদ ইকবাল। গত ১ আগস্ট ঢাকায় সিনেমাটির মহরতে উপস্থিত হয়ে কাজটি নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের এই নায়িকা। এটি পুরোনো খবর, তবে নতুন খবর রটেছে মধুমিতা সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। সোশ্যাল মিডিয়ায় গত কয়েক দিন ধরেই এখন খবরে মুখরিত।
গত শুক্রবার রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মধুমিতার সিনেমা ছাড়ার খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বিরক্তি প্রকাশ করেন নায়িকা নিজেই।
এ সম্পর্কে দেশের একটি গণমাধ্যমকে মধুমিতা বলেন, ‘ফেসবুকে প্রতিদিন এমন গুঞ্জন ছড়ায়। এসব নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। সিনেমা-সংশ্লিষ্ট কেউ তো এমন ঘোষণা দেননি, তাহলে এ বিষয়ে কেন এত কথা হচ্ছে। একটি চক্র ইচ্ছা করে এমন কথা ছড়াচ্ছে। সিনেমার মহরতে অংশ নেওয়ার পর থেকে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে নেতিবাচক কথা বলছে কেউ কেউ। বলা হলো, আমি নাকি কলকাতায় কাজ না পেয়ে বাংলাদেশের সিনেমা করছি। এখন আবার নতুন গুজব ছড়াচ্ছে। তারা যদি মনে করে আমি সিনেমাটি করছি না, তাহলে আর কী করার। সেটাই ছড়াতে থাকুক। আমি আমার কাজ করতে থাকি। এসব নিয়ে কথা বললে বরং তাদের গুরুত্ব দেওয়া হবে।’
এদিকে সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে ‘গুলশানের চামেলি’র শুটিং। প্রথম দিন থেকেই শুটিংয়ে অংশ নেবেন মধুমিতা।
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার দিক নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। গল্পের কেন্দ্রীয় চরিত্র একজন যৌনকর্মী, যিনি কোনো অপরাধ না করেও বারবার ক্ষমতার নির্মম খেলার শিকার হন। এই চরিত্রেই অভিনয় করবেন মধুমিতা।
প্রায় পাঁচ বছর আগে ‘গুলশানের চামেলি’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা ইকবাল। নানা কারণে এত দিন ছবিটির শুটিং শুরু করা সম্ভব হয়নি। অবশেষে সিনেমাটি নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে এতে আরও অভিনয় করার কথা রয়েছে রোজিনা, আজমেরী হক বাঁধন, ওমর সানী, আমিন খান, বাপ্পারাজ ও মিশা সওদাগরের।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের টেলিভিশন নাটকে বেশ পরিচিত মুখ মধুমিতা সরকার। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এর আগে বাংলাদেশের নাটকেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। ২০১৬ সালে পারভেজ আমিন পরিচালিত ‘মেঘবালিকা’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে দেখা গিয়েছিল তাকে। এবার ঢাকাই চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি।













