শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে গেলে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে এসকে গ্রুপ।
বৈঠকে প্রতিনিধিদল প্রস্তাবিত প্রকল্পের বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরে। তারা জানায়, দক্ষিণ কোরিয়ার উলসান শহরের মতো মাতারবাড়ীকেও একটি গুরুত্বপূর্ণ এনার্জি হাবে পরিণত করার সম্ভাবনা রয়েছে।
প্রতিনিধিদলের উপস্থাপনা শোনার পর প্রধানমন্ত্রী বাংলাদেশের জ্বালানি খাতে তাদের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।
এ সময় প্রতিনিধিদল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করে। একই সঙ্গে দেশের বিনিয়োগের সম্ভাবনাগুলো কাজে লাগাতে তাদের আগ্রহের কথা জানায়।
এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং, এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধিদলের অন্য সদস্যরা।












