বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
বাবার পরিচালনায় প্রথম সিনেমা। তাই দিনটি অভিনেত্রী ভাবনার কাছে একটু বেশিই আবেগের। ছবিটি মুক্তির অপেক্ষায়। আজ (১৮ নভেম্বর) রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় অনুষ্ঠিত হবে সিনেমাটির বিশেষ প্রদর্শনী ও সংবাদ সম্মেলন।
বিশেষ এই দিনটিতে নিজের ও পুরো দলের জন্য দর্শকদের কাছে দোয়া চেয়েছেন ভাবনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, সিনেমাটির সঙ্গে জড়িয়ে আছে অনেক ভালোবাসা, আবেগ, পরিশ্রম ও স্বপ্ন। সবার কাছে তাদের কাজের জন্য দোয়া চেয়েছেন তিনি। আল্লাহ যেন তাদের পরিশ্রম সার্থক করেন, সেই প্রত্যাশাও জানিয়েছেন।
সিনেমাটিতে ভাবনার পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, মৌসুমী হামিদ, ডলি জহুরসহ অনেকে। ছবিতে প্রথমবার জুটি হয়েছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী।
এর আগে খবরের কাগজকে দেওয়া সাক্ষাৎকারে ভাবনা বলেছিলেন, সিনেমাটি দেখে দর্শক তাকে নয়, আনজুম চরিত্রটিকেই মনে রাখবেন। নিজের অভিনয় নিয়ে এমন আত্মবিশ্বাসী প্রত্যাশা রয়েছে তার।













