• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপির চেয়ারপারসনের জন্য নিষ্পাপ শিশুদের দোয়া নিশ্চয়ই কবুল হবে: রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৩:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৩:৪৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য শিশুদের দোয়া নিশ্চয়ই মহান আল্লাহ কবুল করবেন। কারণ তারা নিষ্পাপ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর আদাবরের জামিয়া আরাবিয়া আহসানুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের আয়োজনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

রিজভী বলেন, আমরা এমন একজন মানুষের জন্য দোয়া করছি, যিনি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে ও মানুষের কাছে ওয়াদা করে কখনও ভঙ্গ করেন নি। তিনি রাজনীতিতে আসার দিন থেকেই মানুষের কল্যাণ, তাদের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তাকে দেশ ছেড়ে চলে যেতে প্রলোভন দেখানো হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার পথেই থেকেছেন।

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার জন্য বিএনপির চেয়ারপারসনকে দীর্ঘ সময় ধ্বংসপ্রাপ্ত কারাগারে বন্দি রাখা হয়েছিল। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। এমনকি তার খাবারে বিষ প্রয়োগের বিষয়েও মানুষের মনে সন্দেহ রয়েছে। একটি সুস্থ মানুষ হেঁটে হেঁটে কারাগারে গিয়ে আড়াই বছর পর হুইলচেয়ারে করে বেরিয়ে আসেন—এ দৃশ্য দেশবাসী আজও ভুলতে পারেনি।

তার চোখের অস্ত্রোপচারসহ নানা শারীরিক জটিলতায়ও তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। তবুও তাকে মাটি ও মানুষের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করা যায়নি। তাই আজ সারা দেশের মানুষ তার জন্য কাঁদছে। মাদ্রাসার এতিম শিশুরাও তার জন্য দোয়া করছে। তিনি শুধু একটি দলের নন। নানা রাজনৈতিক দল, পেশাজীবী, আলেম-ওলামা এবং বিভিন্ন রাষ্ট্রনায়করাও তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম স্বপন, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর কবির, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুর রহমান জাহিদ, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, মাসুদুর রহমান মাসুদ, তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি ইমাম হোসাইন, রিকশা-ভ্যান ও অটো চালক দলের সমন্বয়ক আরিফুর রহমান তুষার, আহ্বায়ক অধ্যাপক মো. আশফাকুল ইসলাম সরকার (মনু) ও সদস্য সচিব অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমানসহ দলীয় নেতারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম