• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বিএনপির মিথ্যাচার দেশবাসীকে হতাশ করেছে : কাদের

প্রকাশ: সোমবার, ১১ জুলাই, ২০২২ ১:৫০
আপডেট: সোমবার, ১১ জুলাই, ২০২২ ১:৫০

 

স্টাফ করেসপন্ডেন্ট

দেশের মানুষ যখন আনন্দমুখর পরিবেশে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করছেন, তখন বিএনপির মিথ্যাচার আর বিদ্বেষ প্রসূত বক্তব্য দেশবাসীকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার (১১ জুলাই) সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে পবিত্র ঈদের দিনে বিএনপি মহাসচিবের মিথ্যাচার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘পবিত্র ঈদের দিনে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে বিএনপি নেতারা ঘৃণ্য এবং পরশ্রীকাতর রাজনীতির পরিচয় স্পষ্ট করেছে। বিএনপি যে মানুষের আনন্দ-বেদনার সঙ্গে একাত্ম হতে পারে না তার প্রমাণ পবিত্র ঈদের দিনে তাদের মিথ্যাচার এবং বিষোদগার। ’

গতকাল রোববার দুর্ভোগ-ভোগান্তিতে ঈদে ঘরে ফেরা মানুষের ‘আনন্দ’ নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে ট্রেনের কথা আপনি বলছেন, এগুলোর কোনো অথোরিটি আছে? কোনো কর্তৃত্ব আছে? আছে বলে মনে হয় না। রাস্তা-ঘাটে আপনারা দেখেছেন প্রতিদিন কীভাবে দুর্ঘটনা ঘটছে। রেলের সময়সূচির বিপর্যয়, দেরি করে ছাড়া, দেরি করে যাওয়া-আসা। মূল কথাটা হচ্ছে, এই সরকারের কোথাও কোনো কর্তৃত্ব নেই। মানুষের এই যে দুর্ভোগ-ভোগান্তি, তাদের কোনো আনন্দ নেই।

বিএনপি নেতাদের এসব অপালাপ ক্ষমতার প্রতি তীব্র হাহাকারের দীর্ঘশ্বাস বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, সুশাসনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে দায়িত্বশীল বিরোধী দল। যারা দিনরাত সরকারের বিরোধীতাকে রাজনীতির লক্ষ্য করে নিয়েছে তারা সুশাসন নিশ্চিত করতে এ পর্যন্ত কী করেছে?

সেতুমন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু , সাম্প্রদায়িক রাজনীতির ধারক ও উসকানিদাতা, মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রশ্রয়দাতা এবং ধর্মান্ধ গোষ্ঠীরও উসকানিদাতা। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মর্মান্তিক গ্রেনেড হামলার পরিকল্পনাকারী বিএনপি। এদেশের রাজনীতিতে সন্ত্রাস, দুর্নীতি, জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারা যাদের ঐতিহ্য এবং নিয়মিত চর্চার অংশ তাদের মুখে সুশাসনের কথা মানায় না। এসব কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন।

তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে বিএনপিই হচ্ছে দুঃশাসনের প্রতিভূ, গণতন্ত্র বিনাশী এক রাজনৈতিক অপশক্তি। আত্মস্বীকৃত দুর্নীতিবাজ বিএনপির সময়কালে দেখানো তথাকথিত সুশাসন মানে জনগণের কণ্ঠরোধ, ভোটারবিহীন নির্বাচন, ভোটাধীকার হরণ। তাদের সুশাসন মানে বিদ্যুৎহীন খাম্বা, সার আর বিদ্যুতের জন্য মানুষ হত্যা, বিদেশে অর্থ পাচার, সংখ্যালঘু নির্যাতন।

বিদ্যুৎ খাতের ইনডেমনিটির কথা বলার আগে বিএনপি কি ভুলে গেছে- তারাই বঙ্গবন্ধুর খুনীদের রক্ষার জন্য ইনডেমনিটি দিয়েছিল। অপারেশন ক্লিন হার্টের সময় বেগম খালেদা জিয়াও ইনডেমনিটি দিয়েছিলেন বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের দাবি করেন, বিএনপির ইনডেমনিটি খুনীদের রক্ষা করার জন্য আর শেখ হাসিনা সরকার ইনডেমনিটি দিয়েছে উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে, জনগণের কল্যাণে। বিএনপি দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল আর শেখ হাসিনা সরকার সে অন্ধকার থেকে দেশকে আলোকিত করেছে।

বিএনপিই এদেশে চিহ্নিত লুটেরা এবং অর্থপাচারকারী দল মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদেশের আদালত কর্তৃক প্রমাণিত সন্ত্রাসী দল বিএনপি। তারাই চায় এদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক,- কিন্তু দেশের জনগণ তা হতে দেবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, বিএনপি তার দেশি-বিদেশী দোসরদের নিয়ে যত অপচেষ্টাই করুক, যত ষড়যন্ত্রই করুক, এদেশকে আর কখনো দাবিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্রই শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে রোধ করতে পারবে না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম