• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বিএনপির মূল লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করা: কাদের

প্রকাশ: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ৪:৫৬
আপডেট: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ৪:৫৬

 

নিউজডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাস সৃষ্টির মূল লক্ষ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করা।

শুক্রবার (১৪ জুলাই) ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপি কর্তৃক সন্ত্রাস ও সহিংসতার সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন তিনি।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি লাগাতারভাবে গণবিচ্ছিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন করে আসছে। তাদের এই তথাকথিত আন্দোলন জনগণ কর্তৃক বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরও তারা সন্ত্রাস এবং সহিংসতার পথ বেছে নিয়েছে। বিএনপির এই উদ্দেশ্যপ্রণোদিত সন্ত্রাস সৃষ্টির মূল লক্ষ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভন্ডুল করা এবং বিদেশি প্রভুদের দৃষ্টি আকর্ষণ করে তাদের করুণা লাভ করা। এমনকী দেশে চলমান গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ শাসনব্যবস্থাকে বিনষ্ট করার লক্ষ্যে বিএনপি নিজেদের মধ্যে পরিকল্পিতভাবে আত্মকলহ ও সন্ত্রাস সৃষ্টি করে তার দায়ভার সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট কল্পকাহিনীর প্রতিবেদন তৈরি করে বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ধরণা দিচ্ছে।

বিবৃতিতে ওবায়দুল কাদের সকল প্রকার উস্কানি উপেক্ষা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবিলা করার জন্য আহ্বান জানিয়ে বলেন, বিএনপি নামক অপশক্তির উস্কানি ও ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে। বিএনপির ক্যাডারবাহিনী দেশের কোথাও যাতে কোনো প্রকার সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সে বিষয়ে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার এবং কোনো সহিংস ঘটনার সুত্রপাত হলে দ্রুততার সাথে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি গণমুখী রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে তথ্যসন্ত্রাস পরিচালনার করছে সরকার, আওয়ামী লীগ ও বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগতভাবে মিথ্যা এবং বানোয়াট তথ্য উপস্থাপন করছে। এ ধরনের কুৎসিত ও রুচিহীন জবসন্ত্রাস কেবল রাজনৈতিকভাবে দেউলিয়া ও বিকারগ্রস্ত বিএনপির পক্ষেই সম্ভব। আওয়ামী লীগ সংবিধানসম্মতভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে অঙ্গীকারবদ্ধ। কোনো প্রকার গুজব, সন্ত্রাস ও ষড়যন্ত্র নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে বিনষ্ট করতে পারবে না। নির্বাচন ভণ্ডুলের কোনো প্রকার অপচেষ্টা চালালে এবং সন্ত্রাস সৃষ্টির পায়তারা করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম