• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

‘বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারকে ফেরার পথ করে দেওয়া হবে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি’

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৬:০৮
আপডেট: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৬:০৮

‘বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারকে ফেরার পথ করে দেওয়া হবে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি’
 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সরকারের বিরোধিতা করতে গিয়ে যদি বিরোধী দল স্বৈরাচারের ফিরে আসার পথ উন্মুক্ত করে দেয়— তা হবে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের সঙ্গে গাদ্দারি।’ এ সময় বিরোধী দলকে রাস্তা অবরোধ করে জীবনযাত্রা ব্যাহত না করার আহ্বান জানান তিনি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার গঠনের পরে প্রথম কয়েক দিন খুব দেখলাম, ফজরের নামাজের পরে কারা যেন গিয়ে ঝাড়ু-টাড়ু দিয়ে পরিষ্কার করছে। কিন্তু এখন আর আমরা সেটি দেখতে পাই না। তবে দেশের স্বার্থে সবাইকে কাজ করতে হবে।’

উল্লেখ্য, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শপথ নেওয়ার পরের দিন নিজের নির্বাচনি এলাকায় ফজরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হয়ে মিরপুরে নিজ নির্বাচনি এলাকার রাস্তা পরিষ্কার করতে নামেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তখন সাংবাদিকদের তিনি বলেন, ‘দলের নেতাকর্মীরা প্রতিদিন এই এলাকায় কাজ করবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জুলাই ও একাত্তরের শহীদদের লক্ষ্য ছিল অভিন্ন। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে এসেছে।’

তিনি বলেন, ‘সংবিধান সংশোধন নিয়ে বিরোধী দলের বক্তব্য থাকতেই পারে। এ নিয়ে ফয়সালা করতেই সরকার ও বিরোধী দলকে জনগণ সংসদে পাঠিয়েছে। জনগণ চায় দেশে শান্তি ও স্থিতিশীলতা।’ রাস্তা অবরোধ করে, বিক্ষোভ করে জনগণের জীবনযাত্রা ব্যাহত না করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম