• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৪:১২
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৪:১২

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর
 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমিটি নিয়ে বিরোধে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় উপজেলা বিএনপি ও স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের সড়কবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন মোবারক হোসেন এবং সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ। তারা দুজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী।

বিকেলে নবগঠিত কমিটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি সড়কবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতারা প্রতিবাদ মিছিল নিয়ে আসেন। তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।

এ সময় কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারীরা মিছিল থেকে উসকানি দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। এ ছাড়া উপজেলা বিএনপির কার্যালয়েও ভাঙচুর চালানো হয়। উপজেলা বিএনপির পাশাপাশি এটি সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম