শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দল গঠনের পর আইনজীবী, শিক্ষক ও চিকিৎসকদের নিয়ে পৃথক ফোরাম গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রয়েছে ১৬ সদস্যের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ। এবার নীতিনির্ধারণী কাজে পরামর্শ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে গঠন করা হচ্ছে উপদেষ্টা পরিষদ। বিভিন্ন পেশার প্রতিনিধিদের নিয়ে প্রাথমিকভাবে ২৫ সদস্যের এই পরিষদ গঠনের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে।
এতে স্থান পেয়েছেন সাবেক সামরিক কর্মকর্তা, আমলা, আইনজীবী, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার অভিজ্ঞ ব্যক্তিরা। তবে তাদের বেশিরভাগই দেশের বাইরে থাকছেন। রাজনীতিতে পরিচিত মুখ খুব একটা নেই। শেষ মুহূর্তে সম্ভাব্য সদস্যদের বায়োডাটা যাচাই-বাছাই চলছে। যেকোনও সময় এ পরিষদের নাম ঘোষণা করা হবে।
ইতোমধ্যে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার। তিনি জানান, বিভিন্ন পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ইতিহাস ও রাজনীতি সম্পর্কে অভিজ্ঞ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের কাজ অনেক দিন ধরেই চলছিল। এখন সেটি চূড়ান্ত হওয়ার পর্যায়ে। পরিষদে যারা থাকবেন, তাদের নাম প্রায় চূড়ান্ত। যেকোনও সময় এটি ঘোষণা করা হবে বলে তিনি জানান।
কারা হচ্ছেন উপদেষ্টা?
এনসিপির দলীয় সূত্র জানায়, উপদেষ্টা পর্ষদের সদস্য হিসেবে আলোচনায় রয়েছেন ২৫ বিশিষ্টজন। তাদের মধ্যে সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান। তিনি সিভিল সার্ভিসের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পড়াতে পাকিস্তানের করাচিতে বসবাস করেন।
আরেকজন মেজবাহ উদ্দিন চৌধুরী ১৯৯১ সালে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগে অতিরিক্ত সচিবসহ প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করেন।
আরেকজন হলেন মেজর জেনারেল (অব.) আমসা আ আমিন। তিনি বেসরকারি সংগঠন ‘সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান।
এর বাইরে এ তালিকায় আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, প্রকৌশলী সাবিনা আহমেদ, মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী, অস্ট্রেলিয়ায় প্রবাসী ব্যারিস্টার জাকি ওমর, সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা ড. মনির উদ্দিন আহমেদ, সিনিয়ির আইনজীবী সাইয়েদ আজহার কবির, অধ্যাপক ডা. শদরুল ইসলাম, ফ্রি থিংকার্স ফোরামের প্রেসিডেন্ট জাহাঙ্গীর চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাইমা ইমাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা চৌধুরী, নরওয়ে ইউনিভার্সিটির অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস, ইসলামিক স্কলার শায়েখ আহমেদ বদরুদ্দীন, মেজর (অব). নিয়াজ আহমেদ জাবের, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ডাকসুর সাবেক এজিএস গোলাম মোস্তফা, ইউনিভার্সিটি অব কলাম্বিয়ার অর্থনীতির অধ্যাপক ড. জহিরুল ইসলাম খান, ইউনিভার্সিটি অব টরেন্টোর প্রফেসর ড. মুস্তাহিদ হোসাইন এবং সাবেক উপাচার্য ড. মাকদুদ হেলালী, সাবেক সচিব ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) সাবেক সভাপতি ড. আনোয়ার উল্লাহ ও মেজর (অব.) ফজলুর রহমান।
কীভাবে ভূমিকা রাখবেন উপদেষ্টারা?
এনসিপিতে উপদেষ্টা পরিষদের কাজ কী হবে জানতে চাইলে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বাংলা ট্রিবিউনকে বলেন, রাষ্ট্র, সমাজ, সংস্কৃতি, ধর্মসহ বিভিন্ন ক্ষেত্রে যাদের অভিজ্ঞতা আছে তাদের উপদেষ্টা পরিষদে যুক্ত করতে চায় তার দল। তাদের পরামর্শ অনুযায়ী দল পরিচালনার পরিকল্পনা রয়েছে। পরিষদ কীভাবে কাজ করবে, সে বিষয়ে একটি কার্যপ্রণালি বিধিও তৈরি করা হচ্ছে। এটি দলের গঠনতন্ত্রের অংশ হবে। কার্যপ্রণালিবিধি অনুযায়ী, উপদেষ্টারা দলের সঙ্গে যুক্ত থাকবেন এবং রাজনৈতিক পর্ষদকে পরামর্শ দেবেন। দলের যেকোনও সিদ্ধান্তের বিষয়ে মতামত ও সুপারিশ করতে পারবেন। রাজনৈতিক পর্ষদের কোনও সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রয়োজন মনে করলে সেটি আবার পর্ষদের কাছে পাঠানোর এখতিয়ারও তাদের থাকবে।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদ কোনও সিদ্ধান্তের বিষয়ে পুনর্বিবেচনার সুপারিশ করতে পারবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক পর্ষদই নেবে।
প্রসঙ্গত, সংস্কার ও কাঠামোগত পরিবর্তনের বার্তা নিয়ে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বর্তমানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন আখতার হোসেন। দুই জনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য করে দলটির ৬ নেতা এমপি হন। আর ২ জন নারী এমপিসহ সংসদে দলটির প্রতিনিধিত্ব রয়েছে ৮ জনের। এর মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম চিফ হুইপের দায়িত্ব পালন করছেন।












