• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৩:৩০
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৩:৩০

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ফ্যাসিস্ট শক্তি - রিজভী
 

ফ্যাসিবাদী শক্তি রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ‘পঞ্চম বাহিনী’ প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করার পর দেশের মানুষের মনে স্বস্তি-শান্তি ফিরে এসেছে মন্তব্য করে রিজভী বলেন, ‘ওই পরিবেশের প্রত্যাবর্তন বাংলাদেশের মানুষ চায় না।’

‘কিন্তু তারা মনে করে ওইভাবেই আবার ক্ষমতায় আসবে। আবার মানুষকে হত্যা করবে, আবার রক্তপাত ঘটাবে, আবার ককটেল মারবে, আবার গাড়িতে আগুন দেবে—এর মধ্য দিয়ে তারা ফিরে আসতে চায়। যেমন তারা রাষ্ট্র ক্ষমতায় এই কাজগুলো করেছে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘গুম-খুন এবং ক্রসফায়ার ছিল রাষ্ট্রের চরিত্র। এটা ছিল সরকারের চরিত্র। এই বাংলাদেশ নির্মাণ করেছিলেন শেখ হাসিনা। আবার তার প্রত্যাবর্তন এ দেশের মানুষের কখনোই মেনে নেবে না। কিন্তু তারা চাচ্ছে আবার রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে। এই কারণে গত পরশু ফরিদপুরের ভাঙ্গায় রাজু মোল্লা নামে কৃষক দলের এক নেতাকে তারা হত্যা করেছে। নড়াইলে দুইজনকে হত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘তারা কোথায় থেকে মদদ পাচ্ছেন আমরা জানি। কে তাদেরকে মদদ দিচ্ছে…।’

রিজভী বলেন, ‘সারা বাংলাদেশে পঞ্চম বাহিনী তৈরি হয়ে ওরা পঞ্চম বাহিনীর কাজ করছে। তাই পঞ্চম বাহিনীকে প্রতিরোধ করতে হবে রাস্তাঘাটে, প্রত্যেকটি জায়গায়। পঞ্চম বাহিনীকে কোনো ক্রমেই মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না।’

বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমাদের বায়ান্নর স্বপ্ন, আমাদের একাত্তরের স্বপ্ন আমরা একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ দেখব; আমরা একটি মত প্রকাশের স্বাধীনতার বাংলাদেশ দেখব; আমরা শিক্ষার স্বাধীনতার বাংলাদেশ দেখব। কিন্তু সেটা বারবার হোঁচট খেয়েছে, বারবার বাধাগ্রস্ত হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের পাঠ্যসূচিতে একটি দল এবং তার নেতার কাহিনীকে বড় করে দেখানো হয়েছে। আরও অনেকের অবদান, অনেকের কীর্তি ও নিরপেক্ষ ইতিহাস আমাদের পাঠ্যসূচি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শের-ই-বাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে অত্যন্ত খাটো করে দেখানো হয়েছে ইতিহাসের বইগুলোতে। সর্বোপরি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার আত্মদান-বীরোচিত ভূমিকার মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল, তাকে নানাভাবে অপমানিত করা হয়েছে।’

‘যা সত্য সেটাই পাঠ্যপুস্তকে থাকবে—কিন্তু শেখ হাসিনা এটা মুছে দিতে চেয়েছেন। তার পিতাকে মহিমান্বিত করার জন্য পাঠ্যপুস্তক রচনা করেছেন। শুধু আওয়ামী লীগ, তার কীর্তি কথা পাঠ্যপুস্তকে ইতিহাস হিসেবে যুক্ত হয়েছে, যা মিথ্যা, যা ভুল; সত্যকে প্রতিষ্ঠা করেনি। এই কারণেই ছাত্র-শিক্ষক, জনতা-শ্রমিক একত্রিত হয়ে ১৭ বছরের নির্মম ফ্যাসিবাদী এবং রক্ত তৃষ্ণায় মেতে ওঠা এক ভয়ংকর রাক্ষসী সরকারকে এবং তার সরকারের প্রধানকে পরাজিত করেছে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম