রাজশাহী ব্যুরো
ছবি: সংগৃহীত
রাজশাহীর সার্বিক উন্নয়নে পদ্মা ব্যারাজ নির্মাণ, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং শাহ মখদুম বিমানবন্দর আধুনিকায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দাবি জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। একই সঙ্গে রাজশাহীতে শিশু হাসপাতাল প্রতিষ্ঠা, কৃষিপণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি এবং কৃষিপ্রধান এ অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্যও আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব দাবি তুলে ধরেন ভূমিমন্ত্রী।
তিনি বলেন, রাজশাহীর সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গভীর সম্পর্ক রয়েছে। এই ঐতিহাসিক মাঠে তাঁরা একাধিকবার বক্তব্য দিয়েছেন। বেগম খালেদা জিয়ার শাসনামলে রাজশাহীকে ‘গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীর প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ ভালোবাসা রয়েছে। এ অঞ্চলের উন্নয়নে তিনি ইতিমধ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। রাজশাহীর মানুষের প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
পদ্মার ওপর ব্যারাজ নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে মিজানুর রহমান মিনু বলেন, ফারাক্কার বিরূপ প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পদ্মা ব্যারাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একসময় দেশের খাদ্যভান্ডার হিসেবে পরিচিত রাজশাহীর কৃষি ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
কৃষিনির্ভর এ অঞ্চলের উচ্চশিক্ষার প্রসারে রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান ভূমিমন্ত্রী। পাশাপাশি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা আধুনিক ও সহজলভ্য করা এবং একটি শিশু হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসার সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
রাজশাহীর কৃষিপণ্য বিদেশে রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে শাহ মখদুম বিমানবন্দর আধুনিকায়ন ও কার্গো বিমান চালুর ওপর গুরুত্বারোপ করেন মিজানুর রহমান মিনু। তিনি বলেন, কৃষিপণ্য রপ্তানির উপযোগী অবকাঠামো গড়ে তোলা গেলে কৃষক ও ব্যবসায়ীরা উপকৃত হবেন। এ ছাড়া রাজশাহী বাইপাস সড়ক প্রকল্পসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগগুলো এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যে ২০২৪ সালের আন্দোলনে জীবন দেওয়া তরুণদের স্মরণ করে তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী। দেশের স্বাধীনতাসংগ্রাম থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে রাজশাহীর মানুষের অবদানের কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
জনসভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, ঢাকা জেলা বিএনপির সভাপতি নিপুন রায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, আব্দুল মুক্তাদির এমপি, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ। জনসভা সঞ্চালনা করে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।













