পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন যুক্তরাজ্যের কট্টর ডানপন্থি ও অভিবাসনবিরোধী রাজনীতিকরা। এ ঘটনাকে যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করে ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশিদের বহিষ্কারের দাবি তুলেছেন কেউ কেউ।
স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাতে পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার দ্য মেফেয়ার ভেন্যুতে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা শেষে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে এনসিপি।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ, দলটির স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফ, রিস্টোর ব্রিটেনের নেতা ও সংসদ সদস্য রুপার্ট লোসহ কয়েকজন রাজনীতিক ও অ্যাকটিভিস্ট প্রতিক্রিয়া জানান।
রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ ফেসবুকে সংঘর্ষের একটি ভিডিও শেয়ার করে লেখেন, রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিদের দুটি পক্ষ এমন রাজনৈতিক বিরোধ নিয়ে সংঘর্ষে জড়িয়েছে, যার সঙ্গে ব্রিটিশদের কোনো সম্পর্ক নেই।
তিনি আরও লেখেন, ব্রিটিশ সমাজে বিদেশি সংস্কৃতি আমদানি করার ফলে এখন সেসব দেশের সংঘাত যুক্তরাজ্যের রাস্তায় ছড়িয়ে পড়ছে। তার দাবি, যুক্তরাজ্যে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা বিদেশি নাগরিকদের বহিষ্কার করবে রিফর্ম ইউকে।
দলটির স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফও সংঘর্ষের ভিডিও শেয়ার করে বাংলাদেশের রাজনৈতিক বিরোধের জেরে পূর্ব লন্ডনের রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেন। তিনি এ পরিস্থিতির জন্য কনজারভেটিভ ও লেবার পার্টির অভিবাসননীতিকে দায়ী করেন।
জিয়া ইউসুফ লেখেন, টোরি ও লেবার পার্টির নিয়ন্ত্রণহীন ব্যাপক অভিবাসননীতি ব্রিটিশ জনগণকে এমন পরিস্থিতির মুখোমুখি করেছে। এ অবস্থায় ব্রিটেনের জন্য রিফর্ম ইউকে প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এ ঘটনায় আরও কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন রিস্টোর ব্রিটেনের নেতা ও গ্রেট ইয়ারমাউথের সংসদ সদস্য রুপার্ট লো। ফেসবুকে সংঘর্ষের ভিডিও শেয়ার করে তিনি লেখেন, রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিরা একে অপরের সঙ্গে মারামারি করছেন। রিস্টোর ব্রিটেন সরকার গঠন করলে তাদের সবাইকে বহিষ্কার করা হবে।
একই বিষয়ে আরেক পোস্টে তিনি বাংলাদেশিদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করে জড়িতদের যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার দাবি জানান। লো ২০২৪ সালে রিফর্ম ইউকের সংসদ সদস্য নির্বাচিত হলেও পরে দলটি ছেড়ে রিস্টোর ব্রিটেন প্রতিষ্ঠা করেন। তার দলের রাজনৈতিক কর্মসূচিতে ব্যাপক অভিবাসী বহিষ্কারের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
ব্রিটিশ কট্টর ডানপন্থি অ্যাকটিভিস্ট টমি রবিনসনও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংঘর্ষের একাধিক ভিডিও প্রকাশ করেছেন। তিনি ঘটনাটিকে বিদেশি সংঘাত যুক্তরাজ্যে নিয়ে আসার উদাহরণ হিসেবে তুলে ধরে জড়িত বাংলাদেশিদের বহিষ্কারের দাবি জানান।
অন্যদিকে কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য কেটি ল্যাম এক্সে দেওয়া পোস্টে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠীগুলোর সংঘর্ষের সমালোচনা করেন। তিনি লেখেন, যুক্তরাজ্যে এলে বিদেশের রাজনৈতিক বিরোধ পেছনে ফেলে আসা উচিত।
রিফর্ম ইউকের সদস্য ক্রিস রোজও ঘটনাটিকে ভয়াবহ বলে মন্তব্য করেছেন। তার দাবি, বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা যুক্তরাজ্যের রাস্তায় নিয়ে আসা উচিত নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম জিবি নিউজের উপস্থাপক ও কলামিস্ট অ্যাডাম ব্রুকসও এ ঘটনার সমালোচনা করে ব্যাপক অভিবাসননীতির বিরোধিতা করেন।
তবে সংঘর্ষে জড়িত ব্যক্তিদের মধ্যে কারা ব্রিটিশ নাগরিক, কারা স্থায়ী বাসিন্দা কিংবা কারা অন্য কোনো অভিবাসন মর্যাদায় যুক্তরাজ্যে রয়েছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
যেভাবে ঘটেছিল হামলা
গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের দ্য মেফেয়ার ভেন্যুতে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইউকের উদ্যোগে নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা শুরু হয়। যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের প্রতিনিধি এবং ১১-দলীয় জোটের প্রতিনিধিরা এতে অংশ নেন।
নাহিদের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের বিক্ষোভ ও বাধার আশঙ্কায় অনুষ্ঠানস্থলে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। পুলিশের পাশাপাশি এনসিপির পক্ষ থেকে ৩০ জনের বেশি বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োগ করা হয়।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নাহিদ নির্ধারিত সময়ের অন্তত তিন ঘণ্টা আগে অনুষ্ঠানস্থলে পৌঁছান। অনুষ্ঠান চলাকালে বাইরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন।
অনুষ্ঠান শেষে নাহিদ হলের পেছনের দরজা দিয়ে কড়া নিরাপত্তায় বেরিয়ে যান। এরপর বাইরে জড়ো হওয়া আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে এনসিপির নেতাকর্মী ও অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিদের সংঘর্ষ হয়।
নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে অভিযোগ করেন, অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশি ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা চালান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি ঘটনাটিকে কাপুরুষোচিত সহিংসতা আখ্যা দিয়ে যুক্তরাজ্য সরকারের কাছে দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের দাবি জানান।
এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছেন। তবে নাহিদের বিবৃতিতে আহতদের সংখ্যা, পরিচয় কিংবা আঘাতের মাত্রা নির্দিষ্ট করে জানানো হয়নি।
তদন্ত করছে ব্রিটিশ পুলিশ
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেসকে মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানান, সোমবার রাত ৯টা ৫৯ মিনিটে চ্যাডওয়েল হিথের হাই রোডে গোলযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে প্রায় ৫০ জনের একটি দল বিক্ষোভ করছিল।
সংঘর্ষের পর তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের কারও আঘাত প্রাণঘাতী নয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। তখন পর্যন্ত কাউকে গ্রেফতারে করা হয়নি। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজ চেয়েছে পুলিশ।
এদিকে ঘটনাটি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের নিরাপত্তা ও রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তার মতে, গণতান্ত্রিক স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ সহিংসতা ও ভীতি প্রদর্শন করতে পারে না। তিনি যুক্তরাজ্য সরকারের কাছে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জেরে লন্ডনে সংঘটিত এ সংঘর্ষ এখন যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী রাজনীতির আলোচনায় উঠে এসেছে।













