• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন হান্নান মাসউদ

প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০১
আপডেট: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০১

 

নোয়াখালী প্রতিনিধি
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাতিয়ার জুলাই আন্দোলনের শহীদ রিজভী ও শহীদ রিটনের ভাইসহ এনসিপির হাতিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী শামছুল তিব্রিজ প্রমুখ।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর হান্নান মাসউদ বলেন, উন্নয়নশীল, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ হাতিয়া গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে হাতিয়ার জনগণের আশা ও গণতান্ত্রিক সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি।

শহীদদের ত্যাগ ও আত্মত্যাগকে পাথেয় করে হাতিয়ার ভবিষ্যৎ নির্মাণের এই ঐতিহাসিক যাত্রায় আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
জানা গেছে, নোয়াখালী-৬ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিএনপির প্রার্থী হিসেবে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ একাধিক দলীয় এবং বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম, তার সহধর্মিণী শামীমা আজিম, হাতিয়া উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজিব।

দুপুরে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মাহবুবের রহমান শামীম বলেন, হাতিয়ার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। আমি নির্বাচিত হলে এই দ্বীপ উপজেলার উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের সরকার গঠনের লক্ষ্যে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করছে। হাতিয়ার মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের জন্যই আমি জনগণের কাছে এসেছি।

মনোনয়নপত্র দাখিলের সময় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব হারুনর রশীদ আজাদসহ জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম