• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় মায়ের স্মৃতিচারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৮:৩৪
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৮:৩৪

সশস্ত্র বাহিনীর সংবর্ধনায় মায়ের স্মৃতিচারণ প্রধানমন্ত্রী তারেক রহমানের
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের প্রায় পুরোটা সময় ঢাকা সেনানিবাসে কাটিয়েছেন। সশস্ত্র বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে গৌরবের সঙ্গে অংশ নিয়েছেন তিনি। ২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশগ্রহণই ছিল তার জীবনের শেষ অনুষ্ঠান।

শনিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ প্রাঙ্গণে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বক্তব্যের শুরুতে উপস্থিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, ‘সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সমাজের সব শ্রেণিপেশার গুণী মানুষের উপস্থিতিতে আজকের এই আনন্দঘন দিনটি অত্যন্ত উল্লেখযোগ্য। তবে আজকের এই অনুষ্ঠানে সঙ্গত কারণেই আমি ব্যক্তিগতভাবে কিছুটা স্মৃতিকাতর।’

মায়ের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কারণ, আপনাদের হয়তো অনেকেরই জানা আছে, আমার মা সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া এই ক্যান্টনমেন্টেই তার জীবনের প্রায় সবগুলো বছর কাটিয়েছিলেন। সাবেক এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার দীর্ঘ ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনো প্রধানমন্ত্রী হিসেবে, কখনো জাতীয় সংসদে বিরোধীদলীয় নেত্রী হিসেবে জীবনে অনেকবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে সগৌরবে অংশগ্রহণ করেছিলেন।’

তিনি বলেন, ‘তবে ২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশগ্রহণ ছিল তার জীবনের সর্বশেষ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে এসে বারবার আমার সেই কথাটি মনে পড়ছে।’

এ সময় মায়ের জন্য সবার কাছে দোয়া চান তারেক রহমান। তিনি বলেন, ‘আমি আল্লাহর দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি। একজন সন্তান হিসেবে আমি আপনাদের কাছে আমার মায়ের জন্য দোয়া চাইছি।’

সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশের জাতীয় ইতিহাস এবং আমাদের জাতীয় জীবনে কয়েকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিবসের মধ্যে সশস্ত্র বাহিনী দিবস অন্যতম।’

তিনি বলেন, ‘সেনা, নৌ ও বিমানবাহিনী অর্থাৎ তিন বাহিনী ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। এরপর থেকেই ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্মের ইতিহাস একই সূত্রে গাঁথা।’

মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশের সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশের সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে। আর বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেও ছিলেন সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য। এটি নিঃসন্দেহে সেনাবাহিনীর জন্য এক অনন্য গৌরবের ইতিহাস এবং একই সঙ্গে প্রেরণার উৎস।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম