• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সাঈদ খোকনকে ফের ৭ দিনের রিমান্ডে চায় ডিবি

প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ২:২৫
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ২:২৫

 

জুলাই আন্দোলনে কিশোর হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আবারও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. সুজন হক ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। আদালতে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর-রশীদ।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর আদালতের অনুমতি নিয়ে সাত দিনের রিমান্ডে সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় মামলার বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হলে তিনি অসংগতিপূর্ণ ও ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে দাবি করেছে পুলিশ।

এজাহারভুক্ত পলাতক আসামিদের অবস্থান সম্পর্কেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এ বিষয়ে সন্তোষজনক কোনো তথ্য পাওয়া যায়নি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া মামলাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানিয়েছে তদন্ত সংস্থা।

আবেদনে আরও দাবি করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে আন্দোলন দমনে সাঈদ খোকনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তার নির্দেশনা ও পূর্বপরিকল্পনায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে তদন্তে উঠে এসেছে।

এ ছাড়া আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান দেওয়ার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল বলে অভিযোগ করেছে পুলিশ। সরকার পতনের পর আত্মগোপনে থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল পরিচালনার সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে রিমান্ড আবেদনে দাবি করা হয়েছে।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে সাঈদ খোকনের যোগাযোগ রয়েছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার বিষয়েও তথ্য পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে ডিবি।

গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। একই দিন সন্ধ্যায় আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে অংশ নেওয়া আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

এ ঘটনায় আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট নিহত কিশোরের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি সাঈদ খোকন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম