শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের আগের দিন ভোটের সার্বিক পরিবেশ নিয়ে তীব্র অসন্তোষের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল।
বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন ভবনে আয়োজিত এই বৈঠকে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্যদিকে, আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত মোট পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের সময়সূচি রয়েছে। এ দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনকে কেন্দ্র করেই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে অংশ নেওয়ার আগে ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হবে। এ ছাড়া জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে কিছু প্রস্তাবনা জমা দেওয়া হবে, যার মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির নানা বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কতটা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে, তা নিয়ে এরইমধ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য প্রকাশ্যে শঙ্কা প্রকাশ করেছে। তাছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচারণা চলাকালে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নানা ধরনের নির্বাচনি অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে এর আগেই নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নালিশ জানিয়েছিল জামায়াতে ইসলামী।
আ/আ













