শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলে মজুত তেল ও গ্যাস উত্তোলনে সুইডিশ কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একই সঙ্গে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
রবিবার (২৫ অক্টোবর) স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, দীর্ঘদিন ধরে সুইডেন বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে দুই দেশের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন দুই দেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে স্পিকার বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে ছাত্রসমাজ ও সাধারণ মানুষ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। জনগণ নিজেদের পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। সুইডেনের রাষ্ট্রদূত জানান, দেশটির পার্লামেন্টে ৩৪৯টি আসন রয়েছে। সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে চার বছরের জন্য নির্বাচিত হন।
সভায় সংসদীয় মৈত্রী গ্রুপ ও ককাস গঠন, ক্রীড়া-সংস্কৃতি এবং দুই দেশের মধ্যে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ সময় স্পিকার চলমান সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। এসময় সুইডিশ দূতাবাসের কর্মকর্তা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










