শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার অভিযোগে আটক যুবকের (৪০) বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে আটকের পর রাতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। আজ মঙ্গলবার সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননামূলক পোস্ট দেওয়ার অভিযোগে গতকাল দুপুরে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
তবে যে নাম ও আইডি থেকে পোস্টটি করা হয়েছে, সেটি ভুয়া বলে আগেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ওই যুবক। তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের ছবি দিয়ে আইডি খুলে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়ার কথা জানিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন জিডিতে।
গ্রেপ্তার যুবক তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তিনি আগে পুলিশের কনস্টেবল ছিলেন। বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, ওই যুবক সিলেট মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে চাকরি করতেন। দীর্ঘদিন অনুমতি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁকে চাকরিচ্যুত করা হয়।
এ ঘটনার পর তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জুনাব আলী, মেহেদী হাসানসহ অন্যরা গ্রামে গিয়ে এলাকাবাসীর সঙ্গে বৈঠক করেন। তাঁরা এলাকাবাসীকে শান্ত থাকার অনুরোধ করেন।
আ/আ













