• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

‘২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ’

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৯:৩৪
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৯:৩৪

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ’
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

২০৩০ সালের মধ্যে দেশে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মানুষের ভৌগোলিক অবস্থান কিংবা সামাজিক মর্যাদা যা-ই হোক না কেন, সবার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিমসটেকভুক্ত দেশগুলোর স্বাস্থ্যবিষয়ক মন্ত্রী, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশ নেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমানো, পোলিওমুক্ত অবস্থান ধরে রাখা এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকার আওতা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৮৫ শতাংশের বেশি করা হয়েছে। চলতি নভেম্বরের মধ্যেই শতভাগ টিকাদান কভারেজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ০১ শতাংশে উন্নীত করেছে। পর্যায়ক্রমে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করা, প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো এবং জনসচেতনতা তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ৪ হাজার ৬০০টির বেশি ইউনিয়নে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যাসংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ১৫১ করার কাজ চলছে। এ ছাড়া বড় সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, ১৫টি বড় হাসপাতালে উন্নত চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা চালু এবং ওয়ান হেলথ পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবার ডিজিটাল রূপান্তরে সমন্বিত ইলেকট্রনিক হেলথ রেকর্ড ব্যবস্থা ও ইউনিক ই-হেলথ আইডি চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদারে স্বাস্থ্যমন্ত্রী বিমসটেকের আওতায় আঞ্চলিক জেনেটিক রোগ পর্যবেক্ষণ ও প্রাথমিক সতর্কতা ব্যবস্থা (BIMSTEC Regional Genetic Disease Observatory and Early Warning System) প্রতিষ্ঠার প্রস্তাব দেন।

বক্তব্যে মন্ত্রী জানান, অসংক্রামক রোগ, জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এবং মহামারি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ একযোগে কাজ করতে প্রস্তুত।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম