• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি, তবে কিছু সীমানা আছে : নাহিদ

প্রকাশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫ ১:১৫
আপডেট: শনিবার, ৮ মার্চ, ২০২৫ ১:১৫

 

জনতার আওয়াজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মনে করেন, তার দল পরবর্তী সরকার গঠন করতে না পারলেও, তারা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন যা আগামী কয়েক দশক ধরে প্রভাবশালী থাকবে।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার (৭ মার্চ) এটি প্রকাশিত হয়েছে।

এনসিপির ১৫১ সদস্যের কমিটি ঘোষণার পরই কমিটিতে একজন সমকামী অধিকারকর্মীর অন্তর্ভুক্তি নিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির ডানপন্থি নানা মহল থেকে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ফলে কমিটি ঘোষণার কয়েক দিন পরেই তাকে দলের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ দেওয়া হয়। অভ্যুত্থানের পর থেকে ইনক্লুসিভ রাজনীতির ঘোষণা দিয়ে কমিটি গঠনের পরই এমন অবস্থান নিয়ে দেশটির উদারপন্থি মহলের সমালোচনা রয়েছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত স্পষ্ট অবস্থান ব্যক্ত করেনি এনসিপি।

এ প্রসঙ্গে নাহিদ এএফপিকে বলেন, ‘আমরা অন্তর্ভুক্তিতে বিশ্বাস করি, কিন্তু ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিনীতি দ্বারা নির্ধারিত কিছু সীমানা আছে।’

বৈচিত্র্য বিবেচনায় তার দল এনসিপির এখনো প্রশংসনীয় রেকর্ড রয়েছে বলেও দাবি করেন সাবেক এই উপদেষ্টা।

সব নাগরিকের বিষয়ে তিনি বলেন, ‘আমরা নারীদের সামনে এনেছি এবং সব বর্ণ ও ধর্মের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করেছি। সব নাগরিক যাতে তাদের অধিকার উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করব।’

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে দেশটির অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়ী হবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। তবে আন্দোলনকারীদের নতুন দল বিএনপিকে রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।

নাহিদ মনে করেন, তার দল পরবর্তী সরকার গঠন করতে না পারলেও, তারা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন, যা আগামী কয়েক দশক ধরে প্রভাবশালী থাকবে।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘কেউ জানত না যে একটা বিদ্রোহ হবে, কিন্তু তা ঘটেছে। আমি আন্তরিকভাবে আশা করি এবং আমি বিশ্বাস করি যে আমরা এবার জিততে যাচ্ছি। কিন্তু এই নির্বাচন পৃথিবীর শেষ নয়…আমাদের লক্ষ্য হলো আরও ৫০, ১০০ বা তারও বেশি বছর ধরে এই শক্তি বজায় রাখা।

পরবর্তী জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হবে, তা নিয়ে এনসিপি এবং বিএনপির মধ্যে মতানৈক্য রয়েছে। বিএনপি মনে করে জনসমর্থিত সরকারকে ক্ষমতায়িত করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আয়োজন করা উচিত।

বিএনপির অনেক নেতাই অভিযোগ করেন যে এনসিপি নির্বাচন পিছিয়ে দিতে চায়। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়ে নাহিদ বলেন, ‘আমাদের বিরুদ্ধে প্রায়ই নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রের অভিযোগ করা হয়, কিন্তু এটা সত্য নয়।’

তবে তিনি মনে করেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পরও দেশে আইনশৃঙ্খলা বজায় রাখার সমস্যা থাকলে নির্বাচন আয়োজন করা ‘সম্ভব নয়’৷

সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের প্রচারণাও চালাচ্ছে তার দল এনসিপি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম