• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অশ্রুসিক্ত নয়নে জিয়ারত: ১৯ বছর পর বাবার মাজারে তারেক রহমান

প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৬:২৬
আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ ৬:২৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশে ফেরার দ্বিতীয় দিনে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৯ বছর পর শুক্রবার বিকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতার মাজার জিয়ারত করেন তিনি। দলের স্থায়ী কমিটিসহ শীর্ষ নেতাদের নিয়ে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। পরে দোয়া ও মোনাজাত করেন তিনি। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তবে তারেক রহমানের পৌঁছাতে দেরি হওয়ায় তার পক্ষে এদিন বিকাল ৫টা ৬ মিনিটের দিকে দলের নেতারা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগেই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে হয়। তবে তারেক রহমান সেসময় সাভারের পথে ছিলেন। রাত ৯টা ৫০ মিনিটে তিনি স্মৃতিসৌধে পৌঁছানোর পর শহীদদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও এক মিনিট নীরবতা পালন করেন। পরে জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের গাড়িবহর রাত পৌনে ১১টার দিকে সাভার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। রাত ১১টা ৫২ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছান তিনি।

তারেক রহমানের কর্মসূচি ঘিরে এদিন গুলশান থেকে সাভারের স্মৃতিসৌধ এলাকা পর্যন্ত দলের নেতাকর্মী-সমর্থকসহ জনতার ঢল নামে। ভিড় ঠেলে গাড়িবহর এগোতে বিলম্ব হয়।

দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকাল ৪টা ৪২ মিনিটে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন তিনি। সেখানে ১০ মিনিটের মতো অবস্থান করেন। বাবার সমাধির সামনে যখন দাঁড়িয়েছেন তিনি, তখন তার চোখ অশ্রুতে ছলছল করছিল। প্রথমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। পরে জলভরা চোখে দুহাত তুলে মোনাজাত করেন তারেক রহমান। তিনি কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়ে সুরা ফাতেহা ও দরুদ পাঠ করেন। তখন তারেক রহমান একান্তে ছিলেন ও একাই মোনাজাত করেন। মোনাজাতের সময়ে তাকে আবেগপ্রবণ হতে দেখা যায়। মোনাজাত শেষে রুমাল দিয়ে চোখ মোছেন তিনি।

এর আগে বেলা ৩টার একটু আগে তিনি গুলশানের বাসভবন থেকে জিয়া উদ্যানের দিকে রওনা হন। লাল-সবুজ রঙে সাজানো বাসটিতেই চড়ে তিনি মাজার জিয়ারত করতে যান। বিকাল সাড়ে ৪টার দিকে বাস থেকে নেমে হেঁটে মাজারস্থলে যান। এ সময় নেতাকর্মীদের সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে বেশ বেগ পেতে হয়। শ্রদ্ধা নিবেদনের সময় তারেক রহমানের পাশে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজউদ্দিন আহমেদ। এরপর তারেক রহমানের গাড়িবহরটি সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়।

এদিকে, মাজার জিয়ারত শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুলের মতে, এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার হয়েছে। তার এই প্রত্যাবর্তন ছিল রাজকীয় ও অভূতপূর্ব। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে সংবর্ধনা জানিয়েছেন ও আনন্দ-উচ্ছ্বাসে অংশ নিয়েছেন। জনগণ তাদের প্রিয় নেতাকে ফিরে পেয়েছেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম নেতার পক্ষেই এমন স্বতঃস্ফূর্ত জনসমর্থন ও গণঅভ্যর্থনা পাওয়া সম্ভব হয়েছে। তরুণ ও সম্ভাবনাময় নেতৃত্ব হিসাবে তারেক রহমানকে আজ দেশের মানুষ শুধু নয়, বিশ্ব গণমাধ্যমও বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসাবে দেখছে।

‘বাংলাদেশের রাজনৈতিক আকাশে এখন সুবাতাস বইতে শুরু করেছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়; এটি দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা। এর মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নের পথ আরও সুগম হবে।

এদিকে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত ১০টা ৫ মিনিটের দিকে তিনি মূল ফটক দিয়ে স্মৃতিসৌধ চত্বরে প্রবেশ করেন। এরপর স্মৃতিসৌধের বেদির সামনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এছাড়া স্মৃতিসৌধে পৌঁছাতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুঃখ প্রকাশ করেন ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজয় সরণি থেকে সাভারের স্মৃতিসৌধ পর্যন্ত জনতার ঢল : বৃহস্পতিবারের মতো শুক্রবারও তারেক রহমানের কর্মসূচি ঘিরে জনতার ঢল নামে। এদিন দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে লাল-সবুজ রঙে সাজানো বুলেটগ্রুফ বাসে গুলশানের বাড়ি থেকে জিয়া উদ্যানের উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান। জুমার নামাজের পর তিনি মাজারে যাবেন এমন খবরে সকাল থেকেই জিয়া উদ্যানসংলগ্ন রাস্তাগুলোতে জনসমাগম বাড়তে থাকে। তারেক রহমানকে বহনকারী বাসটি বিজয় সরণি পৌঁছালে কর্মী-সমর্থকদের প্রচণ্ড ভিড়ে থমকে যায়। চারপাশের নিরাপত্তা বেষ্টনীও ভেঙে যায়। সড়কে যেমন জনতার ভিড় ছিল, তেমনি আশপাশের বাড়িঘরের দরজা-জানালার পাশে ও বাসার ছাদে নারী-পুরুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। তারা হাত নেড়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। জবাবে তারেক রহমানও বাসের ভেতর থেকে হাত নাড়িয়ে সালামসহ শুভেচ্ছা জানান। বিজয় সরণি থেকে মাজার পর্যন্ত আধা কিলোমিটার পথ পাড়ি দিতে লেগে যায় পৌনে ২ ঘণ্টা। নেতাকর্মীরা বিজয় সরণি থেকে ক্রিসেন্ট লেকের সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের নেতাকে অভিনন্দন জানান। বিকাল ৪টা ৩৬ মিনিটে বাস থেকে নেমে তিনি মাজারে হেঁটে যান। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন। বিকাল পৌনে ৫টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করলে মূল সড়কসহ রাস্তার দুই ধারে জনতার ভিড় সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেগ পেতে হয়। সাধারণ মানুষ হাত নেড়ে তারেক রহমানকে অভিবাদন জানান। পুরো সময়টা তারেক রহমান বাসের ভেতর দাঁড়িয়ে সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন। পথে পথে নেতাকর্মীদের ঢলের কারণে স্মৃতিসৌধে পৌঁছাতে প্রায় রাত ১০টা বেজে যায়। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মানুষ আগে থেকেই স্মৃতিসৌধ এলাকায় উপস্থিত হন।

জিয়া উদ্যান ও জাতীয় স্মৃতিসৌধ সড়কে বিজিবি মোতায়েন : জিয়া উদ্যান ও সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্তসংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যাতায়াতে নিরাপত্তা দিতেই এ উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানান।

তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন দলের নেতারা : ঢাকা উত্তর স্টাফ রিপোর্টার জানান, জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের নেতারা। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকাল ৫টা ৬ মিনিটের দিকে শ্রদ্ধা জানানো হয়। মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ সময় সাভারের পথে ছিলেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে সূর্যাস্তের আগে শ্রদ্ধা নিবেদনের বিধান রয়েছে। শুক্রবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর জিয়া উদ্যান থেকে সাভারের উদ্দেশে রওনা হন। তিনি পৌঁছাতে দেরি হতে পারে বিধায় তার পক্ষ থেকে বিকাল ৫টা ৬ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদদীন প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম