• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

‘আপনাদের কাছে হাত জোড় করছি— আমার ছেলেকে বাঁচান’

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৮
আপডেট: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৮

‘আপনাদের কাছে হাত জোড় করছি— আমার ছেলেকে বাঁচান’
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে অপ্রতিম (১৩) নিখোঁজ হয়েছেন। ছেলেকে ফিরে পেতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয়ে অপ্রতিম আর ফেরিনি বলে জানান তার মা।

এ ঘটনায় অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার উচ্চতা প্রায় ৫ ফুট, ওজন ৪০ কেজি। তার গায়ের রং শ্যামলা এবং চুল কালো।

পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত অপ্রতিমের সন্ধান পাননি। নিখোঁজ কিশোরের সন্ধানে পরিবারের পক্ষ থেকে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ড. নাহিদা বেগম তার ফেসবুকে এক পোস্টে লেখেন, আমার ছেলেকে আমি বিকাল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনে ছবিতে দেওয়া পাঞ্জাবিটা ছিল। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসে নাই। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি- আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।

কেউ অপ্রতিমের সন্ধান পেলে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের ০১৭১৯-৬২৫৬৯০ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এক পোস্টে ছেলের হাতে আইফোন দেওয়া প্রসঙ্গে অধ্যাপক নাহিদা লেখেন, ‘প্লিজ উলটা পালটা জিজ্ঞেস করার জন্য ফোন দেবেন না। আমার ছেলেকে সেধে আইফোন দিয়ে পাঠাইনি। ও লুকিয়ে নিছে। পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন, আমার কর্মক্ষেত্রের সব ছাত্র, সহকর্মী সবাই একযোগে কাজ করছে। সারারাত অভিযান চালিয়েছে। এখনো চলছে। ওর সব বন্ধুর বাসায় বাসায় যাওয়া হচ্ছে। মুন এলার্টকেও জানানো হয়েছে। প্লিজ সবাই শুধু আমার ছেলের জন্য দোয়া করেন। পারলে প্রশাসনিকভাবে সহায়তা করুন। আপনাদের কাছে হাত জোড় করি কোনো তথ্য পেলেই সঙ্গে সঙ্গে জানাবেন। ছেলেকে ফিরে পেলে আমি নিজেই সবাইকে জানাব।’

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম