• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আ’লীগের মতাদর্শে রাজনীতি করার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম

প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:১০
আপডেট: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:১০

 

জনতার আওয়াজ ডেস্ক
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ নামে ও আওয়ামী লীগের মতাদর্শে রাজনীতি করার আর কোনো সুযোগ নেই। রবিবার (০২ ফেব্রুয়ারি) একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের মতাদর্শটা ফ্যাসিবাদী, যার ভিত্তিতে গত ১৫ বছরের রাজনীতি চলেছে, গণহত্যা হয়েছে। যারা ভুল বুঝতে পারবেন, তাদের সে আদর্শটাকে ত্যাগ করতে হবে। তাদের রাজনৈতিক ও নাগরিক অধিকারের তো কোনো সমস্যা নেই। অন্য দলে যোগ দিতে পারেন, নতুন দল গঠন করতে পারেন।

অনলাইনে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, যাদের দৃশ্যমান অবস্থান নেই, তাদের আবার কর্মসূচি কিসের? তারা মূলত আতঙ্ক তৈরি করার জন্য এসব করছে। এখানে জননিরাপত্তার বিষয় আছে। ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। এরা বিভিন্ন জায়গায় গুপ্ত হামলার চেষ্টা করছে, গুজব ছড়াচ্ছে। এদের অনেকে মামলার আসামি, পুলিশ গ্রেপ্তারের চেষ্টা করছে।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অন্তর্বর্তী সরকারের এই তথ্য উপদেষ্টা বলেন, তারা শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্ত অনেককে আশ্রয় দিয়েছে। সেখানে থেকে এরা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। ভারত সরকার সহযোগিতা না করলে এরা এগুলো করতে পারত না। ভারত দায়িত্বশীল হলে ওই দেশে বসে অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে নানা অপচেষ্টা চালাতে পারত না। এ ক্ষেত্রে ভারতের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি।

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না বা নির্বাচনে অংশ নিতে পারবে কি না, এ বিষয়ে আমাদের একটা জাতীয় ঐকমত্যে আসতে হবে। আদালত, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসহ অন্যান্য জায়গা থেকে এ বিষয়ে কী ব্যবস্থা আসে সেটা সামনে বোঝা যাবে। তবে আমরা যারা অভ্যুত্থান করেছি, তারা মনে করি, আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক ও আইনগত ভিত্তি নেই।

আওয়ামী লীগের রাজনীতি চান না, কিন্তু আইসিটি আইন সংশোধনের সময় দলের বিচার করার সুযোগ রাখেননি। কেন? এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, তখন জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অংশীজনদের পরামর্শ নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। উপদেষ্টা পরিষদের বিজ্ঞ সদস্যরা মতামত দিয়েছেন। এই বিচার প্রক্রিয়া নিয়ে যাতে প্রশ্ন না ওঠে, সেই দিকে বেশি নজর দিয়েছি আমরা। কারণ দল নিষিদ্ধ করতে আদালতের বাইরেও পথ আছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অসংখ্য সন্ত্রাসী সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। বিভিন্ন বিদেশি শক্তির সহযোগিতায় বিভিন্ন ধরনের স্যাবোটাজ করার চেষ্টা করছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা চাঁদাবাজিসহ সন্ত্রাসী কাজে জড়িয়ে যাচ্ছেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে নির্বাচনের দিকে এগুতে হবে। এগুলো শুধু নির্বাচনের জন্য নয়, বিদেশি বিনিয়োগ, অভ্যন্তরীণ ব্যবসায়িক পরিবে- সবকিছুর জন্য প্রয়োজন।

আমলাতন্ত্র পরিচালনায় উপদেষ্টাদের নেতৃত্বে কমিটি কেন গঠন করতে হলো? এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর একটি ভঙ্গুর অবস্থা আমরা পেয়েছি। অনেক গুরুত্বপূর্ণ সচিবরা পালিয়েছেন। এরপর বিভিন্ন বিষয়ে আমলাদের মধ্যে আন্দোলনের প্রবণতা ছিল। যেহেতু এখানে আলাদাভাবে কেউ দায়িত্বে নেই, তাই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম