বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
আজ ২৬ অক্টোবর। ঢালিউডের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির জন্মদিন। বিশেষ এই দিনটির প্রথম প্রহর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
জন্মদিনের শুরুতেই নিজের একটি আকর্ষণীয় ভিডিও প্রকাশ করেছেন দীঘি। ভিডিওতে তাঁর নতুন গ্ল্যামারাস লুক নজর কেড়েছে ভক্তদের। সাজসজ্জা ও অভিব্যক্তিতে ভিন্ন এক রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
ভিডিওতে দেখা যায়, মোমবাতি আর ফুলের সাজে তৈরি করা হয়েছে নান্দনিক পরিবেশ। টেবিলজুড়ে জ্বলছে লম্বা সাদা মোমবাতি। মোমবাতির স্ট্যান্ডে ঝুলছে মুক্তার মালা। এমন রাজকীয় আয়োজনের মধ্যেই দেখা মিলেছে দীঘির। তাঁর পরনে ছিল হালকা নীল রঙের স্টাইলিশ খোলা গাউন। চুল পরিপাটি করে খোঁপা করা, সঙ্গে মানানসই মেকআপ। হাতের নজরকাড়া ঘড়িটিও তাঁর সাজে যোগ করেছে ভিন্ন মাত্রা। সব মিলিয়ে জন্মদিনের ভিডিওতে দীঘির গ্ল্যামারাস উপস্থিতি ভক্তদের দৃষ্টি কেড়েছে।
৩০ সেকেন্ডের সেই ভিডিওর বিভিন্ন ফ্রেমে দীঘিকে কখনো হাতে সূর্যমুখী ও গোলাপের বিশাল এক ফুলের তোড়া ধরে পোজ দিতে, কখনো মোমবাতি ফুঁ দিয়ে নিভাতে। ভিডিওতে জুড়ে দেওয়া হয়েছে একটি বার্থডে স্পেশাল মিউজিকও। ক্যাপশনে উল্লেখ করে দিয়েছেন, ‘কিছুই না, এটা শুধু আমার জন্মদিন।’
এমন আবহে দীঘির আত্মবিশ্বাসী ভঙ্গি ও আবেদনময়ী এক্সপ্রেশন নজর কেড়েছে সবার। তাই মন্তব্য ঘরে ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন এই অভিনেত্রী।
একটা সময়ের সেই মিষ্টি শিশুশিল্পী থেকে আজকের চিত্রনায়িকা হয়ে ওঠার যাত্রা দীঘির ভক্তদের কাছে অজানা নয়। তাই দীঘিকে এমন রূপে আবার দেখে পুরোনো স্মৃতি হাতড়ে নিলেন ভক্তরা। একজন লিখেছেন, ‘শুভ জন্মদিন ছোট্ট দীঘি’। আরেকজন লিখেছেন, ‘এটা সেই ছোট্ট দীঘি না?’













