• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ওমান-ফ্রান্সের প্রতি বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ৭:৪৮
আপডেট: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ৭:৪৮

 

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ করতে ওমান ও ফ্রান্সের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বাংলাদেশে নবনিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বালুসি ও ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মুসদুপি পরিচয়পত্র পেশ করতে গেলে এ আহ্বান জানান তিনি।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ওমানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের পরপরই রাষ্ট্রপতির কাছে ফ্রান্সের রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেন।

ওমানের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা প্রকাশ করে বলেন, নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে ওমানের সম্পর্ক আরও জোরদার হবে। তিনি বলেন, ওমান বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানির গুরুত্বপূর্ণ গন্তব্য।

প্রবাসী বাংলাদেশিরা উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে বাংলাদেশ থেকে নার্স, ডাক্তারসহ আরও দক্ষ জনশক্তি নেওয়ার কথা বলেন রাষ্ট্রপতি।

এদিকে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে আবদুল হামিদ বলেন, ফ্রান্স বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং রপ্তানির গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি বিনিয়োগের আহ্বান জানান।

দেশের মহান মুক্তিযুদ্ধে ফ্রান্সের সহযোগিতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি। বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের কূটনীতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করায় ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে ওমান এবং ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতরা বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান।

এর আগে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি অশ্বারোহী দল রাষ্ট্রদূতদের পৃথক ‘গার্ড অব অনার’ প্রদান করে। সূত্র : বাসস

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম